‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগামী তিন মাস রাজপথে সতর্ক অবস্থানে থেকে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের বিষয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনার তথ্য প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান এসব আহ্বান জানান। পোস্টে তিনি দাবি করেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তিনি লেখেন, ‘আজকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্পটে চলন্ত বাসে আওয়ামী দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় ওরা মানুষ পুড়িয়ে মারার খেলায় নেমেছে।’
গণপ্রতিরোধ গড়ে তুলতে বিএনপি নেতাকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাশেদ খান বলেন, ‘গণপ্রতিরোধের নেতৃত্ব দিতে সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। আগামী ৩ মাস চোখ-কান খোলা রেখে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে।’
রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘রাজনৈতিক স্বার্থের খেলায় জামায়াত-এনসিপি মাঠে নামবে না ধরে নিয়েই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।’
পোস্টে রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগের পলাতক অপরাধীরা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরসহ বড় শহরগুলোতে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে বাড়ির মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করব, আপনাদের বাসায় কারা ভাড়া থাকে, ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বাড়ছে কিনা, সেই তথ্য প্রশাসনকে অবহিত করুন। এছাড়া আওয়ামী লীগের কোনো পলাতক আসামির কাছে বাসা ভাড়া দেবেন না।’
আওয়ামী লীগের প্রতি এতদিনের নমনীয়তাকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে রাশেদ খান লেখেন, ‘সামাজিক সম্প্রীতির কথা চিন্তা করে ওদের প্রতি এতদিন নমনীয়তা দেখানোকে ওরা দুর্বলতা মনে করেছে। কিন্তু আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই।’
