Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

মির্জা ফখরুলের প্রশংসায় ওবায়দুল কাদের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০৬:৫৯ পিএম

মির্জা ফখরুলের প্রশংসায় ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-যুগান্তর

Advertisement

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশংসা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে ঢাকার মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে ওবায়দুল কাদের তার প্রশংসা করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি (ফখরুল ইসলাম) সজ্জন মানুষ, তা ছাড়া মানুষ হিসেবেও ভালো। তিনি আসলে দলের চাহিদা পূরণ করলেন কি না, সেটা দেখবে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি (মির্জা ফখরুল) দল করেন, তাই দলের পক্ষে অনেক কিছু বলছেন। তিনি তো আর বিএনপির আবাসিক প্রতিনিধির মতো বক্তব্য রাখেন না। আমি মির্জা ফখরুল ইসলামের মুখে নোংরা ভাষায় কথা শুনিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবকে নিয়ে তিনি বলেন, বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসবে কি আসবে না, এটা বিএনপির ব্যাপার। এখানে আওয়ামী লীগের নাক গলানোর প্রয়োজন নেই। এটা আমার পাল্টা রাজনৈতিক বক্তব্য ছিল। আমি ফখরুল সাহেবের পক্ষ নিলে ভেতরে-ভেতরে তিনি পার্সনালি ঝামেলায় পড়বেন।

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর বিএনপিকে দেখলে মনে শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো মনে হয়। কাদায় আটকে আছে, সেটা ভুলের কাদায়। বিএনপির এখনকার কথাবার্তা, আচরণে ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো ইঙ্গিত বা ইশারা নেই।

Advertisement

ওবায়দুল কাদের ফখরুল ইসলাম আলমগীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম