Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

ছুঁচো যদি আতর মাখে তাতে কি আর গন্ধ ঢাকে: আলাল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০২:১৮ পিএম

ছুঁচো যদি আতর মাখে তাতে কি আর গন্ধ ঢাকে: আলাল

Advertisement

বিনাভোটের সরকারের সব অপকর্ম এখন দুর্গন্ধ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

তিনি সরকারকে ছুঁচোর সঙ্গে তুলনা করে বলেন, ছুঁচো হচ্ছে ইঁদুরের একটি প্রজাতি। গায়ে প্রচণ্ড গন্ধ থাকে। এক ছড়াকার দুঃখ করে লিখেছেন- ‘ছুঁচো যদি আতর মাখে তাতে কি আর গন্ধ ঢাকে’। এই সরকার হচ্ছে ছুঁচোর সরকার। যতই আতর মাখুক না কেন, তাদের সব অপকর্ম এমনভাবে দুর্গন্ধ ছড়িয়েছে যে, এই দুর্গন্ধ দূর করতে খালেদা জিয়ার বিকল্প নেই। সে জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বর্তমান সরকার মেকি আত্মতৃপ্তিতে ভুগছে মন্তব্য করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিনাভোটে রাতের আঁধারে যারা ভিক্ষা করে ক্ষমতায় যায়, সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রশাসনের দারস্থ হয়, হাতে-পায়ে ধরে। প্রশাসনকে অবৈধ সুযোগ-সুবিধা দেয়, তাদের দিয়ে আর যাই হোক জনগণের কোনো উপকার হয় না।

তিনি বলেন, এই সরকার কথায় কথায় বলে, তারা নাকি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। বাংলাদেশে বর্তমানে ৮ হাজার ১২ হাজার মেগাওয়াট চাহিদা। অথচ তারা বলছে- বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১৮ হাজার মেগাওয়াট। তা হলে উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু উল্টো রাজধানীসহ সারা দেশে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং।

মেট্রোরেল নিয়ে সরকারি প্রচারের সমালোচনা করে আলাল বলেন, মেট্রোরেল কবে হবে তা আল্লাহ মাবুদ জানেন। দেখেন লেখা- শেখ হাসিনার অর্জন মেট্রোরেল সংযোজন। মেট্রোরেল কিন্তু এখনও হয়নি। তার আগেই অর্জন বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের বিষয়টি উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আজ বিশ্ব গুম দিবস। পুরো বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। আপনারা হাত ধোয়া দিবস, হাঁটাহাঁটি দিবস, ডিম দিবস, কান্নাকাটি দিবস পালন করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গুম হয়ে যাওয়া শত শত সন্তানকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন। শত শত পিতৃহারা-মাতৃহারাদের ফিরিয়ে দিন, তা হলে এই গুম দিবস নিয়ে আমরা কিছু বলব না। এসব কিছুর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অথচ বিচারব্যবস্থাকে ব্যর্থ করে দিয়ে তাকে দুই বছর আটকে রাখা হয়েছে। এখন দোয়া-দরুদ আর মোনাজাত ছাড়া সাধারণ মানুষের আর কিছু করার নেই।

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Advertisement

বিএনপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম