কাউন্সিলর পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে।
রোববার সকাল ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ও নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে (ভাসানী ভবন) দলীয় কাউন্সিলরদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়।
তবে উত্তর ও দক্ষিণের সংরক্ষিত নারী কাউন্সিলরদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী চূড়ান্ত করে তাদের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিএনপির কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার নিয়ম কী জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কাউন্সিলর বাছাই করার জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। যাচাই-বাছাই সেই টিম করবেন।’
উত্তরের কাউন্সিলর বাছাই কমিটির প্রধান করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে। এ কমিটির সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর উত্তরের সভাপতি এমএ কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিত আনজু ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।
দক্ষিণের কাউন্সিলর বাছাই কমিটির প্রধান করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে। কমিটির সদস্য করা হয়েছে- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও সহসভাপতি নবী উল্লাহ নবীকে।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় প্রার্থী বাছাইয়ে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ছাড়াও মহিলা দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।
