‘বিএনপির নেতায় নেতায় মিল নেই, কর্মীরা হতাশ’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মে ২০২৪, ০১:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই এখন বিভক্ত। তাদের দলে বহুদিন ধরে কাউন্সিল নেই। তাদের ঘরোয়া রাজনীতি ঝিমিয়ে পড়েছে। নেতায় নেতায় মিল নেই। দল ক্ষমতায় আসবে এমন আশা নেতারা করলেও তা কর্মীরা দেখছে না৷ কর্মীরা এখন হতাশ হয়ে পড়েছে।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বিরোধী দল (বিএনপি) নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলন ঠেকানোর নামে অগ্নি সন্ত্রাস করতে গিয়ে সারাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে। তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনিহা সৃষ্টি হয়েছে। কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনই আন্দোলনে সফল হওয়া যায় না।
তিনি বলেন, আমরা পজিটিভ রাজনীতি করতে চাই। আজ বিশ্ব রাজনীতি ও অর্থনীতি সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে আমাদের জনগণকে কীভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে। দেশে বেকার সমস্যা সমাধানে আামাদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করতে হবে।
আরও পড়ুন: ‘বিএনপি নেতাদের অবহেলায় খালেদা জিয়ার এক বছরের বিচার ১০ বছরেও শেষ হয়নি’
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি-মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণের বিষয়ে ব্যাখ্যা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, উপজেলা নির্বাচন সম্পর্কে বিগত সময়ে আমি যে বক্তব্য রেখেছি, তা নিয়ে অনেকে ভেবেছিল এটা মনে হয় আমি নিজ থেকে নেত্রীর নামে বলে বেড়াচ্ছি। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) আমাদের নেত্রী (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এমপি-মন্ত্রীদের স্বজনের বিষয়ে খোলাসা করেছেন। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে স্ত্রী সন্তান বুঝিয়েছেন। তিনি এমপিদের বলে দিয়েছেন নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না। প্রশাসন ও নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। নেত্রীর সেই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালিত করব। উপজেলা নির্বাচনেও নেত্রীর গাইডলাইন পালন করব।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
