‘আমরা একটা পেনাল্টি পাইনি’ — রিয়াল কোচের ক্ষোভ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্র করার পর লা লিগার রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, লা লিগায় রেফারিংয়ের ‘গুরুতর সমস্যা’ রয়েছে। এস্তাদিও দে লা কার্তুহায় ম্যাচের শেষ মিনিটে হেক্টর বেলেরিন গোল করে বেতিসকে ১-১ সমতায় নিয়ে আসেন। এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার জন্য ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হলো।
বেলেরিনের গোলের আগে ফের্লান্দ মেন্দির ওপর ফাউল হয়েছে বলে দাবি করেন আরবেলোয়া। ম্যাচের পর তিনি বলেন, ‘হ্যাঁ, আমার কাছে এটি খুব পরিষ্কার। কখনো কখনো শরীরের ভারসাম্য নষ্ট করতে বেশি কিছু লাগে না, আর মাঠে পড়ে যেতে হয়। এটা বুঝতে ফুটবল জানতে হয়। আর সেখানেই আমাদের গুরুতর সমস্যা আছে, বিশেষ করে যাদের এই সিদ্ধান্তগুলো নেওয়ার কথা তাদের নিয়ে। তারা জানেন না, বোঝেনও না।’
তার আগে প্রথমার্ধে একটি পেনাল্টি সিদ্ধান্তও রিয়ালের পক্ষে আসেনি। ব্রাহিম দিয়াজের শট বেতিস ডিফেন্ডারের হাতে লেগে প্রতিহত হয়, তখন তার হাত ছিল শরীর থেকে অনেক বাইরে। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে আরবেলোয়া বলেন, ‘আমার কাছে এটা স্পষ্ট পেনাল্টি, ব্রাহিমের শটে হাত বের করা ছিল (বেতিস ডিফেন্ডারের)। আর তারপর শেষেরটা… এই সিদ্ধান্তগুলো ম্যাচে বড় প্রভাব ফেলে।’
ছয়টি ম্যাচের মধ্যে চতুর্থবারের মতো অতিরিক্ত সময়ে গোল হজম করল রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে আরবেলোয়া বলেন, ‘শেষ মিনিটে আবারও হতাশ হতে হলো, আমাদের সঙ্গে এমন অনেকবার হয়েছে। আমার মনে হয় না আমরা এটার যোগ্য ছিলাম। আমাদের সুযোগ ছিল, প্রথমার্ধে একটি পেনাল্টি পেয়েছিলাম, যা ম্যাচ শেষ করে দিতে পারত।’
শেষ দিকে বারবার গোল হজম করার কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি আরবেলোয়া। তিনি বলেন, ‘যদি আমাদের কাছে স্পষ্ট কারণ থাকত, তাহলে আমরা তা ঠিক করতাম। এত কাছাকাছি ফলাফলে এই পরিস্থিতি হতে পারে, আর এটাও সত্য ভাগ্য আমাদের সঙ্গে নেই।’
ম্যাচের আরেকটি আলোচিত বিষয় হলো কিলিয়ান এমবাপের বদলি হওয়া। শেষ ১০ মিনিটে নিজের অনুরোধেই মাঠ ছেড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা সম্পর্কে আরবেলোয়া বলেন, ‘আমি জানি না, কোনো ধারণা নেই। তার অস্বস্তি ছিল। আগামী দিনগুলোতে সে কেমন থাকে সেটা দেখতে হবে।’
আগামী রবিবার রাতে রিয়াল মাদ্রিদ আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের মুখোমুখি হবে। এরপর পরের রবিবার বার্সেলোনায় অনুষ্ঠিত হবে এল ক্লাসিকো।
