রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে লা লিগার ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। ক্লাবটির হয়ে লিগে ৩৪৪তম জয়ের মাধ্যমে কিংবদন্তি কোচ লুইস আরাগোনেসের সর্বোচ্চ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তবে এই অর্জনকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখতে নারাজ আর্জেন্টাইন এই কোচ। তার মতে, দীর্ঘ ১৫ বছরের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
আতলেতিকোর দায়িত্বে থেকে সিমিওনে ৫৬৫ ম্যাচে ৩৪৪ জয়, ১২৩ ড্র ও ৯৮টি পরাজয়ের রেকর্ড গড়েছেন। অন্যদিকে, আরাগোনেস বিভিন্ন ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে সমানসংখ্যক জয় পেয়েছিলেন। আতলেতিকোতে সাতটি ভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেও এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।
শনিবারের ম্যাচে আলেক্সান্দ্রো গ্রিমালদো ও জুলিয়ানো সিমিওনের গোলে লেভান্তেকে হারায় আতলেতিকো। এই জয়ের ফলে সাময়িকভাবে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও উঠে আসে দলটি।
রেকর্ড স্পর্শ করার অনুভূতি জানাতে গিয়ে সিমিওনে বলেন, এই অর্জনের কৃতিত্ব শুধু তার একার নয়; বরং এর পেছনে ক্লাবের কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সম্মিলিত অবদান রয়েছে।
তিনি বলেন, ক্লাবের প্রধান নির্বাহী মিগেল আনহেলের আস্থা ও সমর্থন তার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউরোপে কোচ হিসেবে খুব বেশি অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তখন তার ওপর বিশ্বাস রেখেছিল ক্লাব কর্তৃপক্ষ। সেই সুযোগ ও সমর্থন না পেলে আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া দীর্ঘ ১৪ বছরের কঠোর পরিশ্রম, কোচিং স্টাফের সহযোগিতা এবং খেলোয়াড়দের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিমিওনে। তার ভাষায়, একটি ক্লাবে টানা ১৫ বছর দায়িত্ব পালন করা মোটেও সহজ নয়। তাই প্রতিটি ম্যাচ শুরুর আগে তিনি সৃষ্টিকর্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, লেভান্তের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে লা লিগায় টানা সাত ম্যাচ জয়ের ধারাও অব্যাহত রেখেছে আতলেতিকো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বর্তমানে এটিই সবচেয়ে দীর্ঘ জয়যাত্রা। তালিকায় পরের অবস্থানে রয়েছে পিএসজি, যারা ফরাসি লিগ ওয়ানে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে সর্বশেষ লা লিগায় টানা সাত বা তার বেশি ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছিল আতলেতিকো। সেবার তারা টানা আট ম্যাচে জয় তুলে নিয়েছিল।

