ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেট ম্যাচ চলার সময় দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। তবে স্কুটার চালিয়ে সরাসরি মাঠের ভেতর দিয়ে চলে যাওয়ার ঘটনা বেশ ব্যতিক্রমী। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভারত ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে ঘটেছে এমনই এক মজার ঘটনা।
অপ্রত্যাশিত এই দৃশ্যের কারণে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। আর তা দেখে হাসিতে মেতে ওঠেন মাঠের ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।
ঘটনাটি ঘটে হেগলি ওভালে ম্যাচের প্রথম দিনের শেষ দিকে। ভারতের ইনিংসের ৮৩তম ওভার করতে প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ড ‘এ’ দলের পেসার ব্রেট র্যান্ডেল। ঠিক তখনই ভারতীয় ব্যাটার আকাশ দীপ তাকে হাতের ইশারায় থামতে বলেন।
শুরুতে কেন তাকে থামানো হচ্ছে, তা বুঝতে পারেননি র্যান্ডেল। পরে চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। এক বৃদ্ধ দর্শক স্কুটার চালিয়ে মাঠের ভেতর দিয়ে সাইটস্ক্রিনের সামনে চলে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, দিনের শেষ কয়েক ওভার ভালোভাবে দেখার জন্য মাঠের অন্য পাশে সুবিধাজনক জায়গা খুঁজছিলেন তিনি।
ওই দর্শক নিরাপদে মাঠ পার না হওয়া পর্যন্ত খেলা শুরু করতে রাজি হননি আকাশ দীপ। এ সময় মাঠে থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ধারাভাষ্যকাররাও ঘটনাটি নিয়ে মজার মন্তব্য করেন। ম্যাচ দেখার জন্য পছন্দের জায়গা খুঁজে নেওয়ার এমন অভিনব কৌশল দেখে ওই দর্শককে রসিকতার ছলে অভিনন্দন জানান তারা।

