Logo
Logo
×

খেলা

সূর্যবংশীর আইপিএলে খেলাকে ‘শিশুশ্রম’ হিসেবে অভিযোগ সমাজকর্মীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:৩০ পিএম

সূর্যবংশীর আইপিএলে খেলাকে ‘শিশুশ্রম’ হিসেবে অভিযোগ সমাজকর্মীর

রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী। সংগৃহীত ছবি

আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে অল্প বয়সেই সাড়া ফেলেছেন বৈভব সূর্যবংশী। তবে এবার মাঠের পারফরম্যান্সের বাইরেও তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কর্ণাটকের সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক দাবি করেছেন, এত কম বয়সে আইপিএলের মতো পেশাদার টুর্নামেন্টে অংশ নেওয়া আসলে শিশুশ্রমের শামিল। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শিবকুমার বলেন, মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরকে বাণিজ্যিক ক্রিকেট লিগে খেলানো শিশু অধিকার লঙ্ঘনের উদাহরণ। তার মতে, এই বয়সে পেশাদার ক্রিকেটে ব্যস্ত না থেকে সূর্যবংশীর মূল মনোযোগ থাকা উচিত ছিল পড়াশোনায়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিযোগ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

তার বক্তব্য, এত কম বয়সে একজন অপ্রাপ্তবয়স্ককে আইপিএলের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে নামানো ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তাই বিষয়টিকে তিনি গুরুত্বসহকারে দেখছেন।

অন্যদিকে, বৈভব সূর্যবংশী ইতোমধ্যেই আইপিএলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে টুর্নামেন্টে অভিষেকের পর থেকেই বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কাড়েন তিনি। গত দুই মৌসুমে ১৭ ম্যাচে ৬৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। তার গড় ৩৮.৫৯ এবং স্ট্রাইক রেট ২২৪-এর বেশি।

২০২৫ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়েন সূর্যবংশী। পরের মৌসুমেও একই ধারাবাহিকতা ধরে রেখে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

শুধু আইপিএল নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও উজ্জ্বল ছিলেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন এবং টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।

তবে আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে খেলোয়াড়ের ন্যূনতম বয়স ১৫ বছর হতে হবে। যদিও এই নিয়ম শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য; ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তা বাধ্যতামূলক নয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম