ম্যাচ পাতানোর অভিযোগে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না আইভরি কোস্ট তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৩ পিএম
ম্যাচ পাতানোর অভিযোগে আইভরি কোস্ট স্ট্রাইকার এলিয়ে ওয়াহি কানাডায় প্রবেশের অনুমতি পাননি।
|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত চলায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরিকোস্ট দলে বড় ধাক্কা লেগেছে। স্ট্রাইকার এলিয়ে ওয়াহি কানাডায় প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় জার্মানির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। খবর বিবিসির।
শনিবার (২০ জুন) টরন্টোয় অনুষ্ঠিতব্য ওই ম্যাচে আইভরি কোস্ট মুখোমুখি হবে জার্মানির।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানায়, প্রশাসনিক জটিলতা ও তদন্তাধীন অবস্থার কারণে ওয়াহি দলের সঙ্গে কানাডায় ভ্রমণ করতে পারেননি। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন।
এর আগে ফরাসি লিগ কর্তৃপক্ষ জানায়, মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে ওয়াহির হলুদ কার্ড ঘিরে অস্বাভাবিকভাবে বড় অঙ্কের বাজি ধরা হয়েছিল। সন্দেহজনক বেটিং কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি তদন্তে আসে।
ফেডারেশন জানিয়েছে, দলের বাকি সদস্যরা কানাডায় থাকলেও ওয়াহি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।
সূত্র: বিবিসি

-6a342c8186b45.jpg)