কসমেটিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেছেন ভিনিসিয়ুস!
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সম্প্রতি কসমেটিক চিকিৎসার মাধ্যমে মুখমণ্ডলের গঠনে পরিবর্তন এনেছেন।
|
ফলো করুন |
|
|---|---|
মাঠে নিজের গতি, ড্রিবলিং আর গোল করার দক্ষতায় ভক্তদের মুগ্ধ করে চলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে এবার আলোচনায় এসেছেন ফুটবল নয়, নিজের চেহারায় পরিবর্তন আনার কারণে।
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সম্প্রতি কসমেটিক চিকিৎসার মাধ্যমে মুখমণ্ডলের গঠনে পরিবর্তন এনেছেন। ২৬ বছর বয়সি ভিনিসিয়ুস ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি নান্দনিক চিকিৎসা নিয়েছেন, যার উদ্দেশ্য হলো মুখের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে থুতনি ও চোয়ালের গঠনকে আরও আকর্ষণীয় করে তোলা।
অস্ত্রোপচার ছাড়াই ফিলার ব্যবহারের মাধ্যমে করা এই চিকিৎসার পর ভিনিসিয়ুসের চোয়াল ও থুতনির গঠনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, এখন তাকে ব্রাজিল ও চেলসির সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে। এমনকি এই তুলনায় রামিরেস নিজেও অংশ নিয়েছেন।
জানা গেছে, ব্রাজিলের গইয়ানিয়ার একটি ক্লিনিকে এই চিকিৎসা করান ভিনিসিয়ুস। যদিও চিকিৎসাটি সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক চর্মরোগ বিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও, যাকে বিশেষভাবে ব্রাজিলে আনা হয়েছিল।
সময়টাও ভিনিসিয়ুসের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক শেষ ষোলো থেকে বিদায়ের পরই তিনি এই চিকিৎসা নিয়েছেন। তবে দলের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগতভাবে ছিলেন উজ্জ্বল। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি।
বিশ্বকাপের অধ্যায় শেষ করে এখন আবার ক্লাব ফুটবলে মনোযোগ দিতে প্রস্তুত ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর থাকলেও নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যেই তার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।

