Logo
Logo
×
   

খেলা

রোনালদো-পরবর্তী যুগে শত কোটি ডলারের বাণিজ্যিক ধাক্কার আশঙ্কায় পর্তুগাল ফুটবল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

রোনালদো-পরবর্তী যুগে শত কোটি ডলারের বাণিজ্যিক ধাক্কার আশঙ্কায় পর্তুগাল ফুটবল

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ষষ্ঠ ও নিজের শেষ বিশ্বকাপ অভিযান শেষে পর্তুগাল জাতীয় দলের প্রতি সবটুকু উজার করে দেওয়ার তৃপ্তি নিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষের দ্বারপ্রান্তে ক্রিশ্চিয়ানো রোনালদো। 

তবে তার বিদায়ের পর এখন একটি অস্বস্তিকর ও জটিল প্রশ্নের মুখোমুখি পর্তুগিজ ফুটবল— যে ফুটবলার নিজের পারফর্ম্যান্স ও ব্র্যান্ড মূল্যে জাতীয় দলের প্রতীক বা জার্সির চেয়েও বড় হয়ে উঠেছিলেন, তার শূন্যতা কীভাবে পূরণ করবে পর্তুগাল? 

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর রোনালদো নিশ্চিত করেছেন যে, ভবিষ্যতে আর কোনো বিশ্বকাপে তাকে দেখা যাবে না। অবশ্য আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই পূর্ণাঙ্গ অবসরের ঘোষণা দেননি ৩৯ বছর বয়সি এই তারকা। ফলে নতুন প্রধান কোচ হোর্হে জেসুসের অধীনে আরও কিছু ম্যাচে তাকে পর্তুগালের হয়ে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। 

মাঠ ও ব্র্যান্ডের বড় ক্ষতি 

তবে মাঠের ফুটবলে এই পরিবর্তন বা ট্রানজিশন পর্তুগালের জন্য মোটেও সহজ হবে না। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোই প্রথম ফুটবলার যিনি টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি।

কিন্তু কেবল মাঠের খেলাই নয়, তার চূড়ান্ত বিদায় পর্তুগিজ ফুটবলের বিশাল বৈশ্বিক আকর্ষণ, স্পনসরশিপ আয় এবং বিশাল ব্র্যান্ড ভ্যালু বা বাজারমূল্যকে বড় ঝুঁকিতে ফেলবে। 

পর্তুগিজ সংবাদ সংস্থা ‘লুসা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিপণন বিশেষজ্ঞ দানিয়েল সা বলেন, ‘কথাটা একটু কঠোর শোনাতে পারে, তবে ব্র্যান্ডের দিক থেকে বিবেচনা করলে রোনালদো একাই পুরো পর্তুগাল জাতীয় দল এবং আরও অনেক দলের সম্মিলিত ব্র্যান্ড মূল্যের চেয়েও বহুগুণ বড়।’ 

বাণিজ্যিক ধাক্কার আশঙ্কায় পর্তুগাল

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কাছে রোনালদোর গুরুত্ব শুধুই ৯০ মিনিটের পারফর্ম্যান্সে সীমাবদ্ধ নয়। তার বিশাল বৈশ্বিক পরিচিতি পর্তুগালকে নতুন স্পনসর আকর্ষণে, আকর্ষণীয় বাণিজ্যিক চুক্তি করতে এবং ইউরোপীয় ফুটবলের বাইরের নতুন নতুন বাজারে স্থান করে নিতে সাহায্য করেছে। 

বিশ্বজুড়ে রোনালদোর প্রতি অনুরাগী কোটি কোটি ভক্ত-সমর্থক পর্তুগাল জাতীয় দলেরও দর্শক বা অনুসারীতে পরিণত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড দল ছাড়ার পরই পর্তুগাল এই নির্ভরশীলতার আসল পরিণতি টের পাবে। 

দানিয়েল সা আরও সতর্ক করে বলেন, ‘আমি খেলাধুলার জায়গা থেকে নয়, ব্র্যান্ড মূল্যের জায়গা থেকে বিশ্লেষণ করছি। তিনি চলে গেলে সেটি হবে এক ধরনের ট্র্যাজেডি। কারণ, তাকে ঘিরে ফুটবলে যে প্রচার ও মিডিয়ার আলো তৈরি হতো, তা হারানোর প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা অনেকেই এখনো অনুধাবন করতে পারছেন না। আমরা যেন এক দ্রুতগতির চলন্ত সিঁড়ি থেকে নিচে পড়ে যাব।’ 

‘বিগত ২০ বছর ধরে তার কারণেই ফেডারেশন একের পর এক বিশাল চুক্তি স্বাক্ষর করতে পেরেছে এবং প্রচুর অর্থ উপার্জন করেছে’, যোগ করেন তিনি। 

রোনালদো বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এবং নিজের ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার দৌড় চালিয়ে যাচ্ছেন। যার অর্থ, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও তার ক্লাব ক্যারিয়ার আরও কিছুদিন অব্যাহত থাকছে।

পর্তুগাল দল হয়তো শেষ পর্যন্ত অনফিল্ডে তার পজিশন পূরণ করবে, মাঠে গোল করার দায়িত্ব নতুন তরুণ তারকাদের ওপর ভাগ করে দেবে এবং দলের নতুন অধিনায়কও মনোনীত করবে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো বৈশ্বিক ফুটবলে যে তুমুল আকর্ষণ ও উন্মাদনা তৈরি করেছিলেন, তা ফিরিয়ে আনা হয়তো যেকোনো কোচ বা উদীয়মান তারকার জন্য সবচেয়ে কঠিন কাজ হবে। 

সূত্র: মার্কা 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .