Logo
Logo
×
   

Advertisement

খেলা

৫৯ বছর বয়সে গোল, রেকর্ড গড়লেন কিং কাজু

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

৫৯ বছর বয়সে গোল, রেকর্ড গড়লেন কিং কাজু

জাপানের কিংবদন্তি ফুটবলার কা জুয়োশি মিউরা।

Advertisement

বয়সকে কেবলই একটি সংখ্যা প্রমাণ করে ফুটবল বিশ্বে আবারও এক অবিশ্বাস্য অধ্যায় লিখলেন জাপানের কিংবদন্তি ফুটবলার কা জুয়োশি মিউরা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হিসেবে প্রায় চার বছর পর গোলের দেখা পেয়েছেন ৫৯ বছর বয়সি এই তারকা। 

জাপানের তৃতীয় বিভাগের দল ফুকুশিমা ইউনাইটেডের হয়ে খেলতে নেমে ইওয়াকি ফুরুকাওয়ার বিরুদ্ধে এই ইতিহাস সৃষ্টিকারী গোলটি করেন তিনি। ম্যাচের ৫২তম মিনিটে চমৎকার একটি গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন মিউরা। ম্যাচটি শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় দিয়ে শেষ হয়।

প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই মিউরার ২০২২ সালের নভেম্বরের পর প্রথম গোল। সেবার তিনি সুজুকা পিজির হয়ে এসি ওসাকার বিরুদ্ধে গোল করেছিলেন। 

১৯৮৬ সালে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়। এরপর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। জাপানের জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে করেছেন ৫৫টি গোল। ২০০০ সালে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

সম্প্রতি ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমায় চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন তিনি। এর মাধ্যমে তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪২তম মৌসুমে পদার্পণ ঘটতে যাচ্ছে।

জাপানি ফুটবলের ভক্তদের কাছে ‘কিং কাজু’ হিসেবে পরিচিত মিউরা ১৯৯৩ সালে জে-লিগ শুরুর পর থেকে জাপানি ফুটবলের সবচেয়ে বড় আইকন হিসেবে বিবেচিত। ৬০ বছর বয়সেও ফুটবল খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন এই কিংবদন্তি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম