Logo
Logo
×
   

Advertisement

খেলা

ব্রাজিলে ফুটবলারদের জন্য ব্যতিক্রমী শাস্তি নির্ধারণ করল আদালত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

ব্রাজিলে ফুটবলারদের জন্য ব্যতিক্রমী শাস্তি নির্ধারণ করল আদালত

ইন্টারন্যাসিওনালের ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল।

Advertisement

একজনের ট্যাকলে পা ভাঙল আরেকজনের। সাধারণত লাল কার্ড বা কয়েক ম্যাচ নিষেধাজ্ঞাতেই শেষ হয় এমন ঘটনা। কিন্তু এবার ব্রাজিলের আদালত দিয়েছেন ব্যতিক্রমী এক রায়। পা ভেঙে যাওয়া খেলোয়াড় অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত ফাউল করা খেলোয়াড় মাঠে নামতে পারবেন না।

এ শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের ২২ বছর বয়সি ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল। মঙ্গলবার এক রায়ে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) জানিয়েছে, ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক অনুশীলনে ফেরার জন্য চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভিক্টর গ্যাব্রিয়েল সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষিদ্ধ থাকবেন। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ ১৮০ দিন।           

ঘটনার সূত্রপাত ২২ জুলাই ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগের ক্রুজেইরো–ইন্টারন্যাসিওনাল ম্যাচে। ২–১ গোলে জেতা সেই ম্যাচে ভিক্টর গ্যাব্রিয়েলের কড়া ট্যাকলে বাঁ পায়ের টিবিয়া (শিনবোন) ভেঙে যায় পেকের। ভয়াবহ সেই ট্যাকলের ধাক্কায় পেক শূন্যে ছিটকে গিয়ে ডিগবাজি খেয়ে মাটিতে পড়েন। রেফারির লাল কার্ডে মাঠ ছাড়তে হয় ভিক্টর গ্যাব্রিয়েলকে। 

পেককে দ্রুত অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকদের ধারণা, মাঠে ফিরতে তার তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

এ ঘটনায় গ্যাব্রিয়েলের বিরুদ্ধে ব্রাজিলিয়ান কোড অব স্পোর্টস জাস্টিসের ২৫৪ নম্বর ধারায় অভিযোগ আনা হয়। এই ধারায় ‘সহিংস খেলার’ জন্য সাধারণত এক থেকে ছয় ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

তবে প্রসিকিউশন একই ধারার ৩ নম্বর উপধারা প্রয়োগের আবেদন জানায়। ওই উপধারায় গুরুতর চোটের ঘটনায় আহত খেলোয়াড় খেলায় ফিরতে না পারা পর্যন্ত অপরাধী খেলোয়াড়ের নিষেধাজ্ঞা বহাল রাখার সুযোগ রয়েছে, যদিও এর সর্বোচ্চ সীমা ১৮০ দিন।

অভিযুক্ত গ্যাব্রিয়েল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। শুনানিতে আবেগাপ্লুত গ্যাব্রিয়েল দাবি করেন, পেককে আঘাত করার কোনো ইচ্ছাই তার ছিল না, ‘তার জন্য প্রার্থনা করতে করতে আমার অনেক রাত নির্ঘুম কেটেছে। ক্রুজেইরোর সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

নিজের ট্যাকলের ব্যাখ্যায় ভিক্টর গ্যাব্রিয়েল বলেন, ‘আমার মনে হয়েছিল আমি আগে বলে পৌঁছাতে পারব, সেটা করেছিও। কিন্তু মাঠ খুব ভেজা ও পিচ্ছিল থাকায় বলে লাগার পর পা সরিয়ে নেওয়ার সময় পাইনি। তাই ট্যাকলটা একটু বেশি জোরে হয়ে গেছে। তবে সহকর্মী একজন ফুটবলারকে আঘাত করার কোনো ইচ্ছা বা বিদ্বেষ আমার ছিল না।’ 

মামলার র‍্যাপোর্টেয়ার অডিটর রদ্রিগো স্টাইনমান বায়ার সর্বোচ্চ ছয় ম্যাচ নিষেধাজ্ঞার পক্ষে মত দেন। কিন্তু অন্য তিন অডিটর—জর্জ অক্টাভিও লাভোকাত গালভাঁও, এদুয়ার্দো জিবলে সালেস রামোস ও আলিনে গনসালভেস জাতাহি—ভিন্নমত দিয়ে আহত পেকের সুস্থ হওয়ার সঙ্গে নিষেধাজ্ঞা যুক্ত করার সিদ্ধান্ত নেন। সেই মতেই চূড়ান্ত রায়ে বলা হয়, পেক চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত গ্যাব্রিয়েল খেলতে পারবেন না।

২৫ বছর বয়সি পেক চলতি বছর বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সি থেকে ক্রুজেইরোতে যোগ দেন। অভিষেক ম্যাচেই গুরুতর চোটে পড়ায় বড় ধাক্কা খেয়েছে ব্রাজিলের ক্লাবটি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম