Logo
Logo
×
   

খেলা

ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কারণ কী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম

ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কারণ কী

ভারতের মাটিতেই এবার স্বাগতিকের ভূমিকায় দেখা যাবে আফগানিস্তানকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান, তবে সিরিজের ‘হোম’ দল থাকবে তারাই। ক্রিকেটে এমন আয়োজন বেশ ব্যতিক্রমী হওয়ায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।

কিছুদিন আগেও ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে সফরকারী দল হিসেবে খেলেছিল আফগানিস্তান। তখন স্বাভাবিকভাবেই ভারত ছিল স্বাগতিক। এবার সেই চিত্র বদলে গেছে।

নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান আগেও নিজেদের হোম ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে আয়োজন করেছে। দেরাদুন, গ্রেটার নয়ডা, লক্ষ্ণৌ ও দিল্লিতে তাদের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম ভারতের বিপক্ষে ভারতের মাটিতে নিজেদের ‘ঘরের’ সিরিজ খেলবে আফগানরা।

এর আগে সংযুক্ত আরব আমিরাতও আফগানিস্তানের নিয়মিত হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর আমিরাত তাদের গুরুত্বপূর্ণ হোম বেস হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় এবার ভারতের ভেন্যুকে বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এই আয়োজনের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও এসিবির পারস্পরিক সুসম্পর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি ‘হোম’ দলের মর্যাদা পাওয়ায় আর্থিকভাবেও লাভবান হবে আফগানিস্তান।

হোম দল হিসেবে সম্প্রচারস্বত্ব ও টিকিট বিক্রির আয়ের উল্লেখযোগ্য অংশ পাওয়ার সুযোগ রয়েছে এসিবির। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিটি ম্যাচের মিডিয়া স্বত্ব থেকে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত আয় করতে পারে তারা। দিল্লিতে দর্শকদের ভালো উপস্থিতি হলে টিকিট বিক্রি থেকেও বাড়তি রাজস্ব আসার সম্ভাবনা রয়েছে।

১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজটি আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় পরীক্ষা। অন্যদিকে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারতও সাম্প্রতিক দুর্বলতা কাটিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চাইবে।

এরপরই রয়েছে এশিয়ান গেমস ২০২৬। জাপানে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেবে ভারত ও আফগানিস্তান। ফলে দিল্লির এই টি-টোয়েন্টি সিরিজ দুই দলের জন্যই শুধু দ্বিপক্ষীয় লড়াই নয়; এশিয়ান গেমসের আগে দলীয় শক্তি, কম্বিনেশন ও প্রস্তুতি যাচাইয়েরও গুরুত্বপূর্ণ সুযোগ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম