Logo
Logo
×
   

খেলা

দল থেকে বাদ পড়ে রিচার্লিসনের ‘বিস্ফোরক’ প্রতিক্রিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

দল থেকে বাদ পড়ে রিচার্লিসনের ‘বিস্ফোরক’ প্রতিক্রিয়া

গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারের সর্বোচ্চ ১১ গোল করা খেলোয়াড় হয়েও নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ স্কোয়াডে জায়গা হয়নি রিচার্লিসনের। ২৯ বছর বয়সি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। আর ক্লাবের এই সিদ্ধান্তে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন তিনি।

টটেনহ্যামের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই রিচার্লিসনকে ক্লাবের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল, উপযুক্ত প্রস্তাব এলে তাকে ছেড়ে দেওয়া। এ অবস্থায় তার সাবেক ক্লাব এভারটন তাকে ফেরানোর বিষয়ে আগ্রহ দেখায়। দুই ক্লাবের মধ্যে প্রায় ৩৫ মিলিয়ন পাউন্ডের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত শর্তে সমঝোতা না হওয়ায় সেই চেষ্টা সফল হয়নি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন রিচার্লিসন। আবেগপূর্ণ এক বার্তায় তিনি জানান, ভবিষ্যতে নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কারও ওপর নির্ভর করতে চান না। এভারটনে ফিরে যাওয়ার ইচ্ছা থাকলেও কিছু মানুষের একতরফা সিদ্ধান্তের কারণে সেটি সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তবে পরিস্থিতি জটিল হলেও টটেনহ্যামের সঙ্গে তার চুক্তি এখনো বহাল রয়েছে। তাই ক্লাবের হয়ে খেলার জন্য তিনি প্রস্তুত বলেও নিজের বার্তায় স্পষ্ট করেছেন রিচার্লিসন।

এদিকে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে তুরস্কের ক্লাব ট্র্যাবজনস্পোর। দলবদলের বাজারে সৌদি প্রো লিগের ক্লাবগুলোরও তাকে নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। তুরস্কে দলবদলের সময়সীমা আগামী শুক্রবার শেষ হলেও সৌদি প্রো লিগে খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকবে ১২ অক্টোবর পর্যন্ত। ফলে তুরস্ক কিংবা সৌদি আরব—দুই জায়গার যেকোনো একটি হতে পারে রিচার্লিসনের পরবর্তী ঠিকানা।

মৌসুমের উদ্বোধনী ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের ম্যাচে টটেনহ্যামের একাদশে ছিলেন রিচার্লিসন। তবে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের হারের ম্যাচে তাকে স্কোয়াডেই রাখা হয়নি। ম্যাচ শেষে টটেনহ্যামের নতুন কোচ রবার্তো দে জের্বি দাবি করেন, রিচার্লিসন নিজেই একাধিকবার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

২০২২ সালে ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এভারটন থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রিচার্লিসন। তবে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখন মাত্র এক বছর বাকি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম