ব্যালন ডি’অর প্রসঙ্গে মরিনিওকে এনরিকের পালটা জবাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও তর্ক-বিতর্ক। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বছরের সেরা ফুটবলারের নাম। তার আগেই পিএসজি কোচ লুইস এনরিকে ও রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিওর মন্তব্যকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে।
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পিএসজির খেলোয়াড়দের ব্যালন ডি’অর জেতার পক্ষে অবস্থান নিয়েছেন এনরিকে। মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগতভাবে পুরস্কারটি কে জিতবেন, তা নিয়ে তার বিশেষ মাথাব্যথা নেই। তবে তার মতে, এবারের ব্যালন ডি’অর পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই ওঠা উচিত।
নিজের অবস্থানের ব্যাখ্যায় এনরিকে বলেন, পিএসজির দলে এমন একাধিক খেলোয়াড় রয়েছেন, যারা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ফাবিয়ান রুইজের বিশ্বকাপ জয়ের পাশাপাশি উসমান দেম্বেলে গতবারের ব্যালন ডি’অর বিজয়ী। সব মিলিয়ে পুরস্কারটি পিএসজিতেই থাকা উচিত বলে মনে করেন তিনি।
এনরিকের এই বক্তব্যকে মূলত মরিনিওর মন্তব্যের পালটা জবাব হিসেবেই দেখা হচ্ছে। মালাগার বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের কোচ মরিনিও তার শিষ্য কিলিয়ান এমবাপ্পেকে ব্যালন ডি’অরের অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছিলেন।
মরিনিওর মতে, শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতার ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়া উচিত নয়। তিনি এমন খেলোয়াড়কে পুরস্কার দেওয়ার পক্ষে, যাদের অবসরের পরও মানুষ দীর্ঘদিন মনে রাখবে। উদাহরণ হিসেবে তিনি ম্যারাডোনা, রোনালদো নাজারিও, মেসি, জিদান ও মাথেউসের নাম উল্লেখ করেন। এমনকি শুধুই চ্যাম্পিয়নস লিগ জয়ের মানদণ্ড হলে কোচ লুইস এনরিকেকেও ব্যালন ডি’অর দেওয়ার কথা বলেন তিনি।
এবারের ব্যালন ডি’অরের দৌড়ে পিএসজির ফাবিয়ান রুইজ, খভিচা কাভারেস্খেইয়া ও উসমান দেম্বেলের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, হ্যারি কেইন, লিওনেল মেসি, রদ্রি ও মাইকেল ওলিসের নামও আলোচনায় রয়েছে।
দলগত সাফল্যের কারণে পিএসজির কোনো তারকা শেষ হাসি হাসবেন, নাকি ব্যক্তিগত পারফরম্যান্সে অন্য কোনো ফুটবলার পুরস্কারটি জিতে নেবেন—সেটিই এখন দেখার বিষয়। উত্তর মিলবে ২৬ অক্টোবরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

