Logo
Logo
×
   

খেলা

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের দলে থাকা ১৩ ক্রিকেটারের সঙ্গে নতুন করে যোগ করা হয়েছে কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথু কুনেমানকে। সব মিলিয়ে ১৬ সদস্যের স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া।

তবে লাবুশেনের দলে থাকা নিয়ে ছিল যথেষ্ট সংশয়। ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে ৪৩ টেস্ট ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২৪.৬৯। এই সময়ে কোনো সেঞ্চুরিও পাননি তিনি। তিন নম্বর পজিশন ধরে রাখার লড়াইয়ে তাই প্রবল চাপের মুখে ছিলেন এই ব্যাটার।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও প্রত্যাশা পূরণ করতে পারেননি—তিন ইনিংসে তার রান ছিল ১, ৩১ ও ৪। এরপরও নির্বাচকদের আস্থায় জায়গা ধরে রেখেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইয়ে খেলা দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে কনোলিকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো সেঞ্চুরি না থাকলেও অলরাউন্ড দক্ষতার কারণে দলে জায়গা পেয়েছেন তিনি।

২১টি প্রথম ইনিংসে মাত্র একবার তিন ও চার নম্বরে ব্যাট করেছেন কনোলি। গত মৌসুমের শেফিল্ড শিল্ড ফাইনালেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে জাতীয় দলে নিজের অবস্থান আবারও শক্ত করেন। অতিরিক্ত ব্যাটার হিসেবে দলে আছেন জশ ইংলিস।

স্কোয়াডে বাড়তি স্পিনার হিসেবে ম্যাথু কুনেমানের অন্তর্ভুক্তিও কিছুটা চমক জাগিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ছিলেন দলের দ্বিতীয় স্পিনার। তবে গত ডিসেম্বরে নাথান লায়ন বাদ পড়ার পর অ্যাশেজ স্কোয়াডে কুনেমানকে নেওয়া হয়নি। তার বদলে ভিক্টোরিয়ার অফস্পিনার টড মার্ফি দলে জায়গা পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে অস্ট্রেলিয়া দুই স্পিনার খেলাবে—এমন সম্ভাবনা অবশ্য কম। বরং পেস সহায়ক কন্ডিশনের কারণে একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার না রাখার সম্ভাবনাই বেশি। তবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজকে মোকাবিলার প্রস্তুতিতে কুনেমানের উপস্থিতি কাজে লাগতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটারদের।

আগস্টের শুরুতে অনুশীলন ক্যাম্পে কাফ স্ট্রেইনে আক্রান্ত হওয়া মাইকেল নেসারকেও স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। পঞ্চম পেসার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মূল পেস আক্রমণে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড।

স্কোয়াডে থাকা দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টার বাংলাদেশের বিপক্ষেও দলে ছিলেন। এদিকে বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গায় নেওয়া ওপেনার ম্যাট রেনশও দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম