বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা নিষিদ্ধের গুজব উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ চলাকালে স্প্যানিশ পতাকা প্রদর্শনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে—এমন গুজবের অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে অবস্থান পরিষ্কার করেছে রিয়াল মাদ্রিদ। জাতীয় প্রতীক কিংবা আঞ্চলিক পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশে ক্লাবের কোনো নিষেধাজ্ঞা নেই বলে স্পষ্ট জানিয়েছে লা লিগার জায়ান্টরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে, বার্নাব্যুতে রিয়ালের ম্যাচ দেখতে আসা সমর্থকদের স্প্যানিশ পতাকা প্রদর্শন থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিষয়টি দ্রুতই ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ভক্তদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।
গুজবের ব্যাপক বিস্তারের পর সোমবার সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্মে একটি বিবৃতি প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। সেখানে ক্লাবটি জানায়, বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা, স্বায়ত্তশাসিত অঞ্চল কিংবা শহরের পতাকা নিয়ে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
রিয়াল মাদ্রিদ অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে ক্লাবের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, জাতীয় ও আঞ্চলিক পরিচয়ের প্রতীক নিয়ে সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
ভুল তথ্য ছড়িয়ে পড়ার ফলে সমর্থকদের সঙ্গে ক্লাবের অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হতে পারে—এমন পরিস্থিতি এড়াতেই রিয়াল মাদ্রিদ দ্রুত নিজেদের অবস্থান প্রকাশ করেছে। বিবৃতির মাধ্যমে ক্লাবটি স্প্যানিশ ফুটবল ও জাতীয় পরিচয়ের সঙ্গে নিজেদের সম্পর্কের বিষয়টিও আবারও স্পষ্ট করেছে।

