Logo
Logo
×
   

খেলা

রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

নতুন মৌসুম শুরুর আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশিত সাফল্য না পেলেও এবার ইউরোপসেরার মুকুট পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ রিয়াল মাদ্রিদ—এমনটাই মনে করছেন তিনি।

গত দুই বছরের হতাশা পেছনে ফেলে এবার আরও শক্তিশালী পারফরম্যান্স দেখাতে চায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে প্রথম আট দলের মধ্যে থেকে সরাসরি পরের ধাপে জায়গা করে নেওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য।

ভিনিসিয়ুস বলেন, রিয়ালের ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তার মতে, দলটি এ প্রতিযোগিতার জন্য প্রস্তুত এবং চ্যাম্পিয়ন্স লিগ সবসময়ই রিয়ালের জন্য বিশেষ কিছু। গত দুই মৌসুমে প্রত্যাশামতো খেলতে না পারলেও এবার পরিস্থিতি ভিন্ন হবে এবং শেষ পর্যন্ত তারাই শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন তিনি।

আসন্ন ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ নিয়েও সতর্ক ভিনিসিয়ুস। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই ভিন্ন ধরনের উত্তেজনা ও চ্যালেঞ্জ। ইন্টার শক্তিশালী ও শারীরিকভাবে দারুণ সক্ষম একটি দল। বিশেষ করে পাঁচ ডিফেন্ডার নিয়ে তাদের রক্ষণাত্মক কৌশল রিয়ালকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। তবে ম্যাচের জন্য কোচ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান তিনি।

দলে কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি থাকায় ম্যাচটি আরও কঠিন হতে পারে বলেও স্বীকার করেন ভিনিসিয়ুস। তবে সবাই একসঙ্গে লড়াই করে মাঠে নামবেন এবং সমর্থকদের সঙ্গে দারুণ এক আবহ তৈরি করে ম্যাচে ইতিবাচক ফল পাওয়ার আশা করছেন এই ব্রাজিলিয়ান তারকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম