অ্যাডিডাসের আধিপত্য ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে বলের দায়িত্বে ‘নাইকি’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিনের অংশীদারত্বের ইতি টেনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অফিশিয়াল বল সরবরাহের দায়িত্ব পাচ্ছে মার্কিন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। ২০২৭-২৮ মৌসুম থেকে ২০৩১ সাল পর্যন্ত উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোর জন্য বল সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউসিথ্রি।
উয়েফা ও ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের (ইএফসি) যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউসিথ্রি এবং তাদের সহযোগী সংস্থা ‘রেলেভেন্ট ফুটবল পার্টনার্স’ গত মার্চে বল সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। প্রতিযোগিতামূলক সেই প্রক্রিয়ায় জয়ী হয় নাইকি। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে অ্যাডিডাসের দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে।
নতুন চুক্তি অনুযায়ী, শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের পাশাপাশি উয়েফা সুপার কাপ, উয়েফা ইয়ুথ লিগ এবং উয়েফা ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগের বলও তৈরি করবে নাইকি। উয়েফার পুরুষ ক্লাব পর্যায়ের শীর্ষ তিন প্রতিযোগিতায় একই প্রতিষ্ঠানের তৈরি বল ব্যবহারের ঘটনা এটিই প্রথম।
‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, নাইকির সঙ্গে উয়েফার এই চুক্তির বার্ষিক আর্থিক মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
ফুটবলের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাওয়া নাইকির জন্য চুক্তিটি বড় অর্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। নাইকি ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার কামিলো আন্দ্রাদে এক বিবৃতিতে জানান, দুই দশকের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোতে নিজেদের বল ব্যবহারের সুযোগ পাওয়াকে সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
আন্দ্রাদে আরও বলেন, ফুটবলে বলের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই খেলোয়াড়দের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতাগুলোর ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখতে কাজ করবে নাইকি। এই চুক্তিকে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অঙ্গীকারের অংশ হিসেবেও দেখছেন তিনি।
তবে বিশ্লেষকদের মতে, চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে বল সরবরাহের দায়িত্ব পাওয়া নাইকির প্রচারণা ও ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সহায়ক হলেও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবসায়িক সমস্যার সমাধান নাও হতে পারে। সাম্প্রতিক সময়ে বিক্রি কমে যাওয়া এবং পণ্য উদ্ভাবনে পিছিয়ে পড়ার মতো চ্যালেঞ্জ এখনো রয়েছে তাদের সামনে।
জ্যাকস ইনভেস্টমেন্ট রিসার্চের বিশ্লেষক ডেভিড বার্তোসিয়াকের মতে, শুধু বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করলেই নাইকির পুরোনো সাফল্য ফিরে আসবে না। বাজারে টিকে থাকতে হলে পণ্যের গুণগত মান ও উদ্ভাবনে অর্থবহ পরিবর্তন আনতে হবে। অন্যথায় বড় বাণিজ্যিক চুক্তিও প্রত্যাশিত সুফল দিতে পারবে না।
সূত্র: ইএসপিএন

