ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনের শেষ দিকে এইডেন মার্করামকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিলেও পরের সেশনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি টাইগার বোলাররা। উলটো ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্বাগতিক দুই ব্যাটার মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। দ্বিতীয় উইকেটে ইতোমধ্যে অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি গড়েছেন তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৪৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
দিনের শুরুতে বৃষ্টির কারণে প্রথম সেশনে মাত্র পাঁচ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই অল্প সময়েই উইকেট তুলে নেয় সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ব্যাটের কানায় বল লাগিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন এইডেন মার্করাম। ৮ বলে ৪ রান করে ফিরলে মাত্র ৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকার।
দ্বিতীয় সেশনের শুরুতেও উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের পেসাররা। পঞ্চম ওভারে জুবায়ের হামজার প্যাডে বল লাগলে জোরালো আবেদন করেন বোলাররা। তবে আম্পায়ার নো বলের সংকেত দেওয়ায় বেঁচে যান এই ব্যাটার। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ স্টাম্পে আঘাত করত। নো বল না হলে নিশ্চিতভাবেই উইকেট পেতে পারত বাংলাদেশ।
এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি টাইগার বোলাররা। ধীরে ধীরে উইকেটে থিতু হয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ সামাল দিতে থাকেন অ্যাকারম্যান ও হামজা।
এদিকে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন পেসার হাসান। ইনিংসের ১৬তম ওভারে ফিরতি বল ধরতে গিয়ে হাত ফসকে বল সরাসরি তার কপালে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই ওভার শেষ করলেও কিছুক্ষণ পর মাঠ ছাড়তে হয় তাকে। অবশ্য কয়েক ওভার পর আবারও মাঠে ফেরেন এই পেসার।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল ব্যাট করে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। অন্যদিকে লিটন দাসের ব্যাট থেকে আসে ১২০ রানের দুর্দান্ত ইনিংস।
এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাশাপাশি গত ১৭ বছরে প্রথম সফরকারী দল হিসেবে জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা।

