পাসপোর্ট না থাকার খবরটি পুরোপুরি মিথ্যা: রাজাউল্লাহ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার রাজাউল্লাহ।
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ড সফরে পাকিস্তানের ধারাবাহিক ব্যর্থতার মধ্যে দলে ব্যাপক পরিবর্তন আনা হলে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পান ২২ বছর বয়সি পেস বোলিং অলরাউন্ডার রাজাউল্লাহ। তবে জাতীয় দলে তার অন্তর্ভুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে একটি চাঞ্চল্যকর গল্প দ্রুত ছড়িয়ে পড়ে।
ভাইরাল বিভিন্ন পোস্টে দাবি করা হয়, জাতীয় দলে ডাক পাওয়ার সময় রাজাউল্লাহর কোনো পাসপোর্টই ছিল না। আরও বলা হয়, পাহাড়ি এলাকায় তার বাড়িতে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের তাকে খুঁজে বের করতে হয়। পরে জরুরি ভিত্তিতে পাসপোর্ট তৈরি করে তাকে ইংল্যান্ডগামী বিমানে তোলা হয়।
যাচাই-বাছাই ছাড়াই এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে। গালফ নিউজসহ কয়েকটি গণমাধ্যম বিষয়টিকে সত্য ঘটনা হিসেবে প্রকাশ করে।
তবে টেস্ট অভিষেকেই আলোচনায় উঠে আসা রাজাউল্লাহ নিজেই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এজবাস্টন টেস্টে ৬৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পাসপোর্ট না থাকার খবরটি পুরোপুরি মিথ্যা। ইংল্যান্ড সফরের দল ঘোষণার প্রায় এক বছর আগেই আমার বৈধ পাসপোর্ট ছিল।’
এজবাস্টনে অভিষেক ম্যাচেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ। প্রথম স্পেলেই ঘণ্টায় ১৪৮ কিলোমিটারের বেশি গতিতে বল করে মাত্র চতুর্থ ডেলিভারিতেই ফেরান ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার ব্যাটিং। ইনিংস পরাজয়ের শঙ্কায় থাকা পাকিস্তানের হয়ে ৯ নম্বরে নেমে ৯টি ছক্কায় ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ৯ ছক্কার রেকর্ডে নিউজিল্যান্ডের টিম সাউদির পাশে নাম লেখান রাজাউল্লাহ। একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে সর্বোচ্চ ৯ ছক্কার রেকর্ডেও ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে জায়গা করে নেন এই উদীয়মান অলরাউন্ডার।

