জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞার দাবি রোনালদোর
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি প্রো লিগের এক ম্যাচে প্রয়াত সতীর্থ দিয়োগো জোটাকে নিয়ে দর্শকদের কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার তিনি বলেন, রুবেন নেভেসকে লক্ষ্য করে এই স্লোগান দেওয়া দর্শকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করা উচিত।
সৌদি আরবের বুরাইদাহে শনিবার আল-তাওয়ুন আর নেভেসের দল আল-হিলালের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।
২০২৫ সালের ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জামোরায় গাড়ি দুর্ঘটনায় মারা যান জোটা। এই দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও প্রাণ হারান। জোটার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেভেস। তার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন তিনি।
ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দর্শকদের ‘জোটা’ নাম নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
এই স্লোগান নেভেসের নজর কাড়ে। জবাবে তিনি নিজের চোখ দেখান, এরপর আকাশের দিকে হাত তোলেন।
ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় নেভেস বলেন, ‘আশা করি তারা এরপর প্রার্থনা করতে যাবে না।’
ভিডিওসহ একটি ইনস্টাগ্রাম পোস্টের জবাবে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মন্তব্য করেন রোনালদো।
তিনি বলেন, ‘লিগ কর্তৃপক্ষের এখন ব্যবস্থা নেওয়া উচিত এবং এমন আচরণের জন্য দর্শকদের শাস্তি দেওয়া উচিত। এটা আর ফুটবল নয়, এখানে একটা সীমা থাকতে হবে। এভাবে আচরণ করা মানুষদের কখনোই আর স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’
ম্যাচটি ৬-০ গোলে জেতে আল-হিলাল। এই ম্যাচে ৭৫ মিনিট খেলার পর তুলে নেওয়া হয় নেভেসকে।
রোববার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আল-হিলাল ক্লাব কোম্পানি জানায়, এই ঘটনায় তারা সৌদি আরব ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করেছে। ক্লাবটি জানায়, তারা ‘আক্রমণাত্মক আচরণ থেকে খেলাধুলার সুষ্ঠুতা রক্ষায়’ ব্যবস্থা নেওয়া হবে বলে ‘আত্মবিশ্বাসী’।
আল-হিলালের বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড় বা তাদের পরিবারকে লক্ষ্য করে অথবা ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্যে করা এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কোম্পানি তাদের সম্পূর্ণ প্রত্যাখ্যান জানায়।’
রোববার পরে আল-তাওয়ুনও এক বিবৃতি দেয়। তারা এই আপত্তিকর স্লোগানের তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘এমন আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এটি আল-তাওয়ুন, তাদের সমর্থক বা তাদের গ্যালারির পরিচিত মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।’
আল-তাওয়ুন আরও জানায়, ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে এবং দোষীদের যেন জবাবদিহি করানো যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) আর সৌদি প্রো লিগও (এসপিএল) রোববার দর্শকদের এই আচরণের নিন্দা জানায়।
যৌথ বিবৃতিতে এসএএফএফ আর এসপিএল জানায়, ম্যাচের সময় কিছু দর্শকের আচরণ ‘সৌদি ফুটবলের মূল্যবোধ ও ক্রীড়াসুলভ আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।
সংস্থা দুটি আরও জানায়, ব্যক্তিগত দুঃখজনক ঘটনাকে ‘অপমান বা উসকানির উদ্দেশ্যে ব্যবহার করা এমন আচরণ, যা সৌদি ফুটবলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।
এসএএফএফ জানায়, সংশ্লিষ্ট কমিটি এই আচরণ চিহ্নিত করেছে এবং প্রযোজ্য বিধি ও প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়া শেষ হলে ফলাফল জানানো হবে।
