হ্যাটট্রিক করে ১০০০ গোলের খুব কাছে রোনালদো
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে থাকা ১ হাজার গোলের মাইলফলকটাকে এখন মনে হচ্ছে একেবারে নাগালের মধ্যে। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে তিনি হ্যাটট্রিক করেছেন। তার দল আল নাসর ৫-৩ গোলে হারিয়েছে আল খুলুদকে। এই হ্যাটট্রিকের পর ক্যারিয়ারে রোনালদোর গোল দাঁড়াল ৯৮৫টি। ১ হাজার গোল থেকে তিনি আছেন আর মাত্র ১৫ গোল দূরে।
ম্যাচ যখন ২-২ সমতায় ছিল, তখন তিনি দলকে এগিয়ে নেন। গোল করেন ৬৬, ৭২ ও ৮১ মিনিটে। অর্থাৎ হ্যাটট্রিক পূর্ণ করতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় আল খুলুদ। ১৬ মিনিটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড জুলিয়ান ডমিঙ্গেজ। এরপর আল নাসরের হয়ে সমতা ফেরান আঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রথমার্ধেই সাদিও মানে আল নাসরকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আল খুলুদের হয়ে সমতা আনেন আঁতোয়ান এসোম্বা।
বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নেন রোনালদো। রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা দুটি গোল করেন কাছ থেকে। তার মাঝের গোলটি ছিল হেডে। সৌদি আরবে ২০২৩ সালে আসার পর আল নাসরের হয়ে এটি তার সপ্তম হ্যাটট্রিক।
রোনালদো ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি, তার গোল ৯৩৬টি। অর্থাৎ রোনালদো মেসির চেয়ে ৪৯ গোল এগিয়ে।
ক্লাব ও দেশের হয়ে তিনি এখন পর্যন্ত মোট ৬৭টি হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি। পর্তুগালের হয়ে ১০টি। আল নাসরের হয়ে সাতটি। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে করেছেন তিনটি করে।
ম্যাচে আরেকজন নজর কেড়েছেন। তিনি জোয়াও ফেলিক্স। রোনালদোর আল নাসর ও পর্তুগালের সতীর্থ ফেলিক্স একাই চারটি গোলে সহায়তা করেছেন। এমন জয়ের পরও অবশ্য আল নাসর সৌদি প্রো লিগের টেবিলে দুইয়েই আছে। তাদের পয়েন্ট ২৮। শীর্ষে আছে আল কাদসিয়া। তাদের পয়েন্টও ২৮, গোল ব্যবধানে এগিয়ে আছে তারা, ম্যাচ অবশ্য বেশি খেলেছে ১টি।
