Logo
Logo
×
   

Advertisement

খেলা

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

Advertisement

এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কোনো একজনকে স্পষ্টভাবে এগিয়ে রাখা কঠিন ছিল। কিন্তু গত সাত দিনে পালটে গেছে পরিস্থিতি। কিলিয়ান এমবাপ্পের আত্মবিশ্বাসী মন্তব্য এবং লামিন ইয়ামালকে ঘিরে বার্সেলোনার জোরালো প্রচারণায় এবারের ব্যালন ডি’অর আলোচনার কেন্দ্রে এখন এই দুই তারকা। যদিও অন্য প্রতিদ্বন্দ্বীরাও এখনও লড়াইয়ে রয়েছেন।

বার্সেলোনার পক্ষ থেকে অবশ্য ইয়ামালকেই এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরা হচ্ছে। ক্লাব সভাপতি, সহসভাপতিসহ একাধিক কর্মকর্তা প্রকাশ্যেই স্প্যানিশ তরুণের পক্ষে অবস্থান নিয়েছেন। নতুন মৌসুমের শুরুতেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সেই দাবির যথার্থতা মাঠে প্রমাণ করে চলেছেন ১৯ বছর বয়সি ইয়ামাল।

এদিকে ব্যালন ডি’অর জয়ের আকাঙ্ক্ষা এবার প্রকাশ্যেই জানিয়েছেন এমবাপ্পে। ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড নিজের পরিসংখ্যান তুলে ধরে ব্যাখ্যা করেছেন, কেন এবারের পুরস্কারের অন্যতম যোগ্য দাবিদার হিসেবে নিজেকে দেখছেন তিনি।

তবে ইয়ামাল প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ বাড়ানোর কোনো চেষ্টা করেননি এমবাপ্পে। বরং স্প্যানিশ তারকার প্রশংসাই করেছেন তিনি। এমবাপ্পের ভাষায়, ‘আমি মনে করি, সে খুবই প্রতিভাবান একজন খেলোয়াড়। আমার মনে হয়, তার সামনে দারুণ একটি ক্যারিয়ার অপেক্ষা করছে। আমি তার জন্য শুভকামনা জানাই।’

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে না পারলেও লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ নিজেদের করে নেয় বার্সেলোনা। ঘরোয়া সাফল্যে ইয়ামালের অবদান ছিল গুরুত্বপূর্ণ। স্পেনে গত মৌসুমের পারফরম্যান্সে নিজেকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এর সঙ্গে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের সাফল্যও যোগ হয়েছে।

তবে ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপে তার পারফরম্যান্স। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল করেছেন তিনি। পাশাপাশি চোটের প্রভাবও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই তরুণ। কয়েকটি ম্যাচে মাঠে তার শতভাগ ফিট না থাকার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

অন্যদিকে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এমবাপ্পের পক্ষে রয়েছে শক্তিশালী পরিসংখ্যান। তবে তার ক্ষেত্রে বড় দুর্বলতা হলো গত মৌসুমে ক্লাব কিংবা জাতীয় দল—কোনো পর্যায়েই কোনো শিরোপা জিততে পারেননি তিনি। ফলে ইয়ামাল ও এমবাপ্পের লড়াইয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম