Logo
Logo
×
   

Advertisement

খেলা

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

Advertisement

প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকিকে বিদায় জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘অন হোল্ডিং’-এর সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি।

পেশাদার ফুটবলে নিজেদের ব্যবসার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ‘অন’। সেই যাত্রায় ব্র্যান্ডটির অন্যতম প্রধান মুখ হিসেবে নেতৃত্ব দেবেন এমবাপ্পে। সুইস এই প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারও বিনিয়োগকারী ও কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত আছেন।

মাত্র আট বছর বয়সে নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ হন এমবাপ্পে। এরপর ধীরে ধীরে ব্র্যান্ডটির অন্যতম পরিচিত বৈশ্বিক মুখ হয়ে ওঠেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি নাইকির গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এ ফরাসি তারকা। বিশেষ করে নাইকির জনপ্রিয় ‘মারকিউরিয়াল’ বুটের প্রচারে এমবাপ্পের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নতুন চুক্তির মাধ্যমে এবার এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন যার মূল ব্যবসার ভিত্তি অ্যাথলেটিকস ও দৌড়ের সরঞ্জাম। ২০১৯ সালের নভেম্বরে রজার ফেদেরারকে বিনিয়োগকারী ও কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত করার পর থেকেই টেনিসের পাশাপাশি অন্যান্য খেলাতেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে ‘অন হোল্ডিং’। ফুটবলেও বড় পরিসরে প্রবেশের পরিকল্পনার অংশ হিসেবেই এমবাপ্পেকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

গত ৩১ জুলাই নাইকির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপরও বিভিন্ন বিজ্ঞাপন ও বাণিজ্যিক প্রচারণায় তাকে দেখা যাওয়ায় তার পরবর্তী স্পনসর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এমবাপ্পে।

নতুন যাত্রা নিয়ে এমবাপ্পে বলেন, শুরু থেকেই ‘অন’-এর প্রতি তার আগ্রহের মূল কারণ ছিল একসঙ্গে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করার সুযোগ। তার লক্ষ্য, ভবিষ্যতের ফুটবলকে নতুনভাবে উপস্থাপনের এই উদ্যোগে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগানো।

ফরাসি তারকার ভাষায়, উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি ফুটবলের মূল আনন্দটিকেও ধরে রাখতে চান তিনি। ‘অন’-এর সঙ্গে তাদের একটি যৌথ স্বপ্ন রয়েছে বলেও উল্লেখ করেন এমবাপ্পে এবং জানান, এই যাত্রা মাত্র শুরু।

নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ‘অন’-এর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এমবাপ্পের আগে উদাহরণ তৈরি করেছিলেন রজার ফেদেরারও। দীর্ঘদিন নাইকির সঙ্গে থাকার পর সুইস ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হন এই টেনিস কিংবদন্তি। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি নিজের নামে একটি ‘সিগনেচার’ পণ্য লাইনও চালু করেন।

এমবাপ্পের ক্যারিয়ারের শুরু থেকে নাইকি ছিল তার অন্যতম বাণিজ্যিক সঙ্গী। একাডেমি ফুটবল, মোনাকো ও পিএসজি হয়ে রিয়াল মাদ্রিদে তারকা হয়ে ওঠার পুরো পথেই ব্র্যান্ডটির সঙ্গে তার সম্পর্ক ছিল।

প্রায় ২০ বছরের এই সম্পর্কের অবসান তাই এমবাপ্পের ব্যক্তিগত স্পনসরশিপ অধ্যায়ের বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে ‘অন’-এর সম্ভাব্য ফুটবল পণ্যের নকশা ও উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে এমবাপ্পের সামনে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম