আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড। দীর্ঘদিন ধরে ভোগানো বাঁ হাঁটুর গুরুতর চোটের কারণে চিকিৎসকদের পরামর্শ মেনে ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই গতিমানব।
তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও পুরোপুরি ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন না উড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উড জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন আর তার পক্ষে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলা সম্ভব নয়। সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় ১১ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উড। পুরো সময়জুড়েই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। তারপরও নিজের ভয়ংকর গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের নিয়মিত চাপে রেখেছেন এই ডানহাতি পেসার।
ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই উল্লেখযোগ্য অবদান রয়েছে উডের। ৩৮ টেস্টে তার শিকার ১১৯ উইকেট। ৭০ ওয়ানডেতে নিয়েছেন ৮০ উইকেট। আর ৩৮ টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেটসংখ্যা ৫৪।
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্যের সঙ্গেও জড়িয়ে আছে উডের নাম। ২০১৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজ টেস্টে দলের জয়সূচক শেষ উইকেটটি নিয়েছিলেন তিনি। এ ছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই পেসার।
বিদায়বেলায় নিজের ক্যারিয়ার নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন উড। তিনি বলেন, ‘পরিসংখ্যান হয়ত বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম, তবে আমি আশা করি আমার সতীর্থরা মনে রাখবে যে আমি প্রতিবার মাঠে নিজের শতভাগ উজাড় করে দিয়েছিলাম।’
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর এবার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চান ইংল্যান্ডের এই পেসার।

