আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মেসি, নতুন স্বপ্ন নিয়ে মাঠে ফিরছেন এমবাপ্পে-রোনালদো
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন কিংবদন্তি লিওনেল মেসি। তার বিদায়ের মুহূর্তকে ঘিরে যখন আবেগের ঢেউ, তখন নতুন স্বপ্ন আর নতুন লড়াই নিয়ে ফিরছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও হ্যারি কেইন। অন্যদিকে ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার নেশায় ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর চেনা গোলের ক্ষুধা নিয়ে প্রস্তুত আরলিং হ্যালান্ডও।
চলতি মাসেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে তার। দেশের জার্সিতে এটাই হতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার শেষ অধ্যায়ের সূচনা।
সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত মেসি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারার পর কেঁদেছিলেন। মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ হারায় আর্জেন্টিনা। টানা দুই আসরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবং ব্রাজিলের কিংবদন্তি পেলের কীর্তি ছোঁয়ার আশা শেষ হয় হতাশাজনক পরাজয়ে। ৩৯ বছর বয়সে ওই ম্যাচটিকেই বিশ্বকাপের মঞ্চে তার শেষ উপস্থিতি হিসেবে ধারণা করা হয়েছিল।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরও মেসির অবসরের ঘোষণা অনেকটা প্রত্যাশিতই ছিল। এবার দেশের সমর্থকদের সামনে বিদায়ী ম্যাচে মাঠে নেমে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাচ্ছেন তিনি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, এটি হবে মেসির প্রাপ্য বিদায়।
ব্যালন ডি’অরের দৌড়ে নতুন প্রজন্ম
মেসি যখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, তখন বিশ্বের সেরা ফুটবলারের জায়গা দখলের লড়াইয়ে নেমেছেন নতুন প্রজন্মের তারকারা।
ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট এমবাপ্পে, ইয়ামাল ও কেইন। বিশ্বকাপ পর্যন্ত তাদের পারফরম্যান্সও এই পুরস্কারের বিবেচনায় রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবলের এই পর্বে নিজেদের সামর্থ্য দেখানোর আরও একটি সুযোগ পাচ্ছেন তারা। মেসিও ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় রয়েছেন।
এমবাপ্পে ও ইয়ামালের দ্বৈরথ অনেকটা মেসি ও রোনালদোর দীর্ঘদিনের লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এমবাপ্পে খেলছেন রিয়াল মাদ্রিদে আর ইয়ামাল বার্সেলোনায়। ফলে ব্যালন ডি’অরের দৌড়ে স্পেনের দুই সফল ও ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিদ্বন্দ্বিতাও নতুন মাত্রা পেয়েছে।
এক দশকেরও বেশি সময় ধরে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি যেন বার্সেলোনার মেসি ও রিয়াল মাদ্রিদের রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথে পরিণত হয়েছিল।
মাত্র ১৯ বছর বয়সি ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগের শিরোপাও জিতেছেন তিনি।
ইয়ামাল বলেছেন, এত দুর্দান্ত খেলোয়াড়ের মধ্যে শেষ পর্যন্ত মানুষ তুলনা করে দেখে কে কার চেয়ে ভালো, কে কোন ট্রফি জিতেছে। আমার সুবিধা হলো, এ বছর আমি বিশ্বকাপ জিতেছি। স্বাভাবিকভাবেই এটি আমাকে এগিয়ে রাখে। আমার মনে হয়, সেটিই যৌক্তিক।
এমবাপ্পে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে না পারলেও টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ২২।
অন্যদিকে, গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন সু’ জিতেছেন হ্যারি কেইন। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি। সাত ম্যাচে করেছেন ছয় গোল। শনিবার উয়েফা নেশনস লিগে ওয়েম্বলিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।
অন্যদিকে, নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথমবার মাঠে নামবে ফ্রান্স। ২ অক্টোবর নেশনস লিগে ইতালির বিপক্ষে ম্যাচটিই তাদের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে।
সূত্র: এপি নিউজ

-6ab4bb6278d1f.jpg)