ছবি: সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপার্জনের দিক থেকেও নিজের আধিপত্য ধরে রেখেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখনো ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন অধিনায়ক।
বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক হিসেবে তিনি পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫৩ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা রবার্ট লেভানডভস্কির সঙ্গে মেসির আয়ের ব্যবধানও উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ পারিশ্রমিক তালিকায় এই তথ্য উঠে এসেছে। গত বছরের তুলনায় মেসির বার্ষিক পারিশ্রমিক বেড়েছে ৮০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। তবে এই হিসাবের মধ্যে শুধু ফুটবল খেলার জন্য পাওয়া নিশ্চিত পারিশ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে। স্পনসরশিপ ও অন্যান্য বাণিজ্যিক উৎস থেকে তার আয় এতে যোগ করা হয়নি। উল্লেখ্য, গত বছর ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শিকাগো ফায়ারের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৩ কোটি ৩১ লাখ টাকা।
তৃতীয় স্থানে রয়েছেন অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। তার বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার। এরপর চতুর্থ অবস্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন পান ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার। শীর্ষ পাঁচের শেষ নামটি আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। তার পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।
ব্যক্তিগত পারিশ্রমিকের পাশাপাশি খেলোয়াড়দের পেছনে ব্যয়ের দিক থেকেও এগিয়ে রয়েছে মেসির ইন্টার মিয়ামি। ক্লাবটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪০ কোটি ৪২ লাখ টাকা।
ক্লাবভিত্তিক ব্যয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার। তাদের মোট খেলোয়াড় পারিশ্রমিক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। পরের অবস্থানগুলোতে রয়েছে আটলান্টা ইউনাইটেড (৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার) এবং লস অ্যাঞ্জেলেস এফসি (৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার)।
অন্যদিকে, খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ সবচেয়ে কম ব্যয় করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের মোট নিশ্চিত পারিশ্রমিকের পরিমাণ ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। এই তালিকায় তাদের ঠিক ওপরে রয়েছে স্পোর্টিং কানসাস সিটি (১ কোটি ৩৩ লাখ ডলার) ও ডিসি ইউনাইটেড (১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার)।
তথসূত্র: গোল ডটকম

