সমর্থকদের বিতর্কিত স্লোগান, উয়েফার শাস্তির মুখে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্পেনের বিপক্ষে মাঠের লড়াইয়ে জয় পেলেও মাঠের বাইরের ঘটনায় শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। সমর্থকদের একাংশের ধর্মবিদ্বেষী ও বৈষম্যমূলক স্লোগানের জেরে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) আর্থিক জরিমানা করেছে উয়েফা।
পাশাপাশি ইউরোপের বাইরে অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের জন্য টিকিট বিক্রিতে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে।
গত রোববার উয়েফা নেশনস লিগের ম্যাচে স্পেনকে ৩-২ গোলে পরাজিত করে ইংল্যান্ড। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন প্রায় তিন হাজার ইংলিশ সমর্থক। তবে তাদের একটি অংশের বিতর্কিত স্লোগান নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টিকে ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণ হিসেবে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এফএকে ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
বিতর্কিত স্লোগানটির সঙ্গে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় অনুভূতি এবং আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) ইতিহাস জড়িত। আইআরএ ছিল একটি সশস্ত্র আইরিশ রিপাবলিকান সংগঠন, যাদের অন্যতম লক্ষ্য ছিল উত্তর আয়ারল্যান্ড থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে অঞ্চলটিকে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত করা। এ কারণে স্লোগানটিকে ধর্মীয় ও রাজনৈতিক বিদ্বেষের প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
দুই দলের মধ্যে স্পেনের মাটিতে ২০০৪ সালের পর এটিই ছিল প্রথম লড়াই। ২০০৪ সালের সেই ম্যাচে স্প্যানিশ সমর্থকদের একাংশ ইংল্যান্ডের কয়েকজন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে বর্ণবাদী আক্রমণের শিকার করেছিলেন। অতীতের সেই ঘটনার কথা মাথায় রেখে এবারের ম্যাচের আগে নিজেদের খেলোয়াড়দের বর্ণবাদবিরোধী আচরণবিধি সম্পর্কে সতর্ক করেছিলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
এদিকে স্পেনের মাটিতে বৈষম্যমূলক আচরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে বার্সেলোনায় মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে স্প্যানিশ সমর্থকদের একাংশ মুসলিমবিদ্বেষী স্লোগান দিয়েছিলেন। ওই ঘটনার জেরে স্পেনের ফুটবল ফেডারেশনকে ১৫ হাজার পাউন্ড জরিমানা করে ফিফা। একই সঙ্গে পরবর্তী প্রীতি ম্যাচে গ্যালারির একটি অংশ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।
ফলে স্পেনের বিপক্ষে জয় পেলেও সমর্থকদের আচরণের কারণে এবার উয়েফার শাস্তির মুখে পড়তে হলো ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে।

