গোলরক্ষকদের বাজারমূল্যে সবাইকে ছাড়ালেন বার্সার জোয়ান গার্সিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবলে গোলরক্ষকদের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি দলবদলের বাজারেও তাদের মূল্য দিন দিন বাড়ছে। সেই বাজারে এখন সবচেয়ে দামি গোলকিপার বার্সেলোনার স্প্যানিশ তারকা জোয়ান গার্সিয়া। সিআইইএস ফুটবল অবজারভেটরির সর্বশেষ মূল্যায়নে তার সম্ভাব্য ট্রান্সফার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তার সম্ভাব্য বাজারমূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো। অন্যদিকে, ৬ কোটি ৪২ লাখ ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান গোলকিপার সেন্নে ল্যামেন্স।
২৫ বছর বয়সি জোয়ান গার্সিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তি রয়েছে ২০৩১ সাল পর্যন্ত। একই মেয়াদে চুক্তিবদ্ধ ডোনারুম্মাও গার্সিয়ার চেয়ে সামান্য পিছিয়ে রয়েছেন সম্ভাব্য দলবদল মূল্যে।
সিআইইএস ফুটবল অবজারভেটরি খেলোয়াড়দের পারফরম্যান্স, সাম্প্রতিক ও অতীতের পরিসংখ্যান এবং চুক্তির বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে নিজস্ব মডেলের মাধ্যমে এই মূল্যায়ন করে থাকে। এটি মূলত খেলোয়াড়দের সম্ভাব্য দলবদল মূল্যের একটি পরিসংখ্যানভিত্তিক হিসাব।
শীর্ষ ১০ গোলরক্ষকের তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের আধিপত্য সবচেয়ে বেশি। তালিকার সাতজনই খেলছেন ইংল্যান্ডের ক্লাবগুলোতে। অন্য তিনজন হলেন বার্সেলোনার জোয়ান গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ। যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছেন সাফোনভ ও আরবিগ।
শীর্ষ দশে জায়গা না হলেও ১১তম অবস্থানে রয়েছেন লিডসের ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। তার সম্ভাব্য ট্রান্সফার মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ইউরো।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন পোর্তোর গোলরক্ষক ডিয়েগো কস্তা। মূল্যায়নে তিনি পিএসভি আইন্দহোভেনের মাতেই কোভার এবং ওয়েস্ট হ্যামের ম্যাডস হারমানসেনের চেয়ে এগিয়ে আছেন।
এদিকে, তালিকায় সবচেয়ে কম বয়সি গোলরক্ষক বেলজিয়ামের ক্লাব জেঙ্কের লুকা ব্রুঘমান্স। মাত্র ১৮ বছর ৪ মাস বয়সি এই গোলকিপারের সম্ভাব্য বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো। সেরা ১০০-তে অনূর্ধ্ব-২১ বয়সি গোলরক্ষক রয়েছেন মাত্র তিনজন। ব্রুঘমান্স ছাড়া অন্য দুজন হলেন আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি এবং ব্রাজিলের ক্রুজেইরোর ওতাভিও।

