ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন উসমান খাজা। নিজের আত্মজীবনীতে ২০১৮ সালের সেই কলঙ্কিত ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই আগে থেকেই জানতেন বলে দাবি করেছেন সাবেক এই ওপেনার। তার এমন মন্তব্যের পর ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
এবার খাজার কঠোর সমালোচনা করে তাকে গত চার-পাঁচ দশকে দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স।
পার্থের ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, আত্মজীবনীতে পুরোনো ঘটনা সামনে এনে খাজা সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তার মতে, এই কাজের মাধ্যমে দলের অভ্যন্তরীণ আচরণবিধিও লঙ্ঘন করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা সামনে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডি ভিলিয়ার্সের। ম্যাচটিতে ধারাভাষ্য দেওয়ার সময় বলের অস্বাভাবিক রিভার্স সুইং তার নজরে আসে। এরপর অস্ট্রেলীয় খেলোয়াড়দের ওপর ক্যামেরা রাখতে বলেছিলেন তিনি। পরবর্তী সময়ে প্রকাশ্যে আসে স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা।
খাজার প্রতি ক্ষোভ প্রকাশ করে ডি ভিলিয়ার্স বলেন, গত ৪০-৫০ বছরে ক্রিকেটে এত বড় বিশ্বাসঘাতক তিনি আর দেখেননি। তার দাবি, খাজা এমন সব আচরণবিধি ভেঙেছেন, যা একজন খেলোয়াড়ের পক্ষে ভাঙা সম্ভব। বিষয়টি সঠিক না ভুল, সেই বিতর্কের নিষ্পত্তি আগেই হয়ে গিয়েছিল। কিন্তু খাজা আবারও পুরোনো ঘটনা সামনে এনে অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছেন।
সাবেক এই প্রোটিয়া পেসারের অভিযোগ, খাজার বক্তব্যে সতীর্থদের সঙ্গে সম্পর্ক ও দলের অভ্যন্তরীণ বন্ধন নষ্ট হয়েছে। এমনকি নিজের সতীর্থদের অন্যদের কাছে প্রকাশ করে দিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে নিজের আত্মজীবনী ‘সবর’-এ স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেন খাজা। তার দাবি, শুধু ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নন, অস্ট্রেলিয়া দলের অন্য সদস্যরাও বিষয়টি সম্পর্কে জানতেন। যদিও ওই ঘটনায় মূলত এই তিন ক্রিকেটারই শাস্তির মুখে পড়েছিলেন।
খাজার বক্তব্যের পর প্রথমে তার দাবির সঙ্গে একমত পোষণ করেন ডেভিড ওয়ার্নার। পরে প্রায় চার হাজার শব্দের একটি লেখায় একই ধরনের অবস্থান তুলে ধরেন ব্যানক্রফটও। তবে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি দলের অন্যরা জানতেন না। খাজার দাবি সম্পূর্ণ মিথ্যা বলেও মন্তব্য করেছেন তিনি।
ফলে প্রায় আট বছর আগের স্যান্ডপেপার গেট কাণ্ড নতুন করে আলোচনায় এসেছে। সাবেক ও বর্তমান অস্ট্রেলীয় ক্রিকেটারদের পালটাপালটি বক্তব্যে বিতর্কটি আরও জোরালো হচ্ছে।

