খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার বক্তব্যকে সমর্থন করে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের সমালোচনায় সরব হয়েছেন ডেভিড ওয়ার্নার।
সম্প্রতি প্রকাশিত নিজের বইয়ে খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার এই দাবি প্রত্যাখ্যান করেন কামিন্স। তার ভাষায়, খাজার বক্তব্যের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ উদ্ভট।
কামিন্সের দীর্ঘ ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনের পর বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ওয়ার্নার। তার মতে, অধিনায়কের মন্তব্যে অযথা খাজাকে বিতর্কের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
পার্থে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম ওয়ানডের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, খাজার বক্তব্যের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং বইয়ে লেখা ঘটনাগুলোকে তিনি সত্য বলে মনে করেন। একই সঙ্গে খাজার বর্তমান পরিস্থিতিতে নিজের খারাপ লাগার কথাও জানান তিনি।
২০১৮ সালের নিউল্যান্ডস টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল।
ওয়ার্নারের দাবি, বল টেম্পারিং কাণ্ডের সবচেয়ে বড় মাশুল দিতে হয়েছে তাদের তিনজনকেই। দীর্ঘ আট বছর পর এ বিষয়ে মুখ খুলে তিনি জানান, ঘটনার পর থেকে প্রতিনিয়ত সমর্থকদের কটূক্তি ও সমালোচনা সহ্য করতে হচ্ছে তাদের। তার মতে, শাস্তি যেন এখনো শেষ হয়নি। অন্যরাও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করলেও ওয়ার্নারের বিশ্বাস, তার, স্মিথ ও ব্যানক্রফটের চেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আর কাউকে যেতে হয়নি।
নিজের ব্যক্তিগত জীবনের বেদনাদায়ক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তিনি জানান, ওই কঠিন সময়ে স্ত্রীসহ তাকে পারিবারিক শোকের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সব দায় স্বীকার করার পরও তাদের যে মূল্য দিতে হয়েছে, সেটিই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।
অন্যদিকে, খাজার দাবির সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক, অধিনায়ক কামিন্স ও অলরাউন্ডার মিচেল মার্শ। তারা নিজেদের আগের অবস্থানে অনড় রয়েছেন। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট।

