খাজার অভিযোগকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিলেন কামিন্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির আট বছর পেরিয়ে গেলেও বিতর্ক থেকে মুক্তি পাচ্ছে না অস্ট্রেলীয় ক্রিকেট। সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনীতে করা নতুন কিছু দাবি ঘিরে আবারও আলোচনায় এসেছে ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড। এবার সেসব অভিযোগের জবাব দিতে দীর্ঘ সংবাদ সম্মেলন করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
সিডনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক ঘণ্টারও বেশি সময় ধরে খাজার বক্তব্যের ব্যাখ্যা দেন কামিন্স। অস্ট্রেলিয়া দলের একাধিক সদস্য বল বিকৃতির ঘটনা সম্পর্কে আগে থেকেই জানতেন—খাজার এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি। কামিন্সের মতে, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের অন্যরা জানতেন বলে খাজা যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভুল।
অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন। বল বিকৃতির সময় কী ঘটছিল, সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এমনকি তিনি ও দলের অন্যরা মিলে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা করেছিলেন—খাজার এমন বক্তব্যকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।
খাজার মন্তব্যে বিস্ময় প্রকাশ করে কামিন্স জানান, স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলার বিষয়টি জানতে পেরে তিনি অবাক হয়েছেন। তার মতে, গত কয়েক বছরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খাজার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত ছিল না।
খাজাকে বন্ধু হিসেবে উল্লেখ করেও তার সমালোচনা করেন কামিন্স। তিনি বলেন, বন্ধুত্বের জায়গা থেকে একে অপরের জীবন ও সুনামের প্রতি দায়িত্বশীল থাকা উচিত। কিন্তু আত্মজীবনীতে খাজা তার পাশাপাশি অন্যদের এবং অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর মন্তব্য করেছেন।
বল বিকৃতির ঘটনায় কোনো পূর্বপরিকল্পনা ছিল না বলেও দাবি করেন কামিন্স। তার ভাষ্য, বৈধ উপায়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা থেকে হঠাৎ করে স্যান্ডপেপার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো বড় পরিকল্পনা ছিল না। এ নিয়ে বোলারদের মধ্যে কোনো বৈঠক বা গোপন সমঝোতাও হয়নি।
তবে সেই সময়ের অস্ট্রেলিয়া দলের আচরণ নিয়ে আত্মসমালোচনা করতে পিছপা হননি কামিন্স। তার স্বীকারোক্তি, মাঠে প্রতিপক্ষ ও আম্পায়ারদের সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটারদের আচরণ অনেক সময়ই অতিরিক্ত আক্রমণাত্মক ছিল। দলের মধ্যে ঔদ্ধত্য ও নেতিবাচক মানসিকতার উপস্থিতিও ছিল, যা এখন তার কাছে গ্রহণযোগ্য মনে হয় না।
খাজার অভিযোগের কিছু অংশ সত্য হতে পারে বলে ইঙ্গিত দিলেও বল বিকৃতির ঘটনায় পুরো দলের সম্পৃক্ততার দাবি মানতে রাজি নন কামিন্স। ফলে আট বছর আগের সেই বিতর্ক নতুন করে অস্ট্রেলীয় ক্রিকেটের অন্দরমহলে মতবিরোধ তৈরি করেছে।

