ফুটবল ক্যারিয়ারের চেয়েও কারাগারের জীবনকে ‘সুখের’ বলছেন আলভেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল ক্যারিয়ারে কোটি কোটি ইউরো আয় করেছেন, জিতেছেন অসংখ্য শিরোপা। খেলেছেন বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবে। অথচ জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন কারাগারের দিনগুলোতে! ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেসের এমন মন্তব্য ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে আলোচনা।
স্পেনে কারাবাসের সময় নিজের মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন আলভেস। তার মতে, ধর্মীয় বিশ্বাস ও সৃষ্টিকর্তার প্রতি আস্থা তাকে এমন মানসিক প্রশান্তি দিয়েছে, যা দীর্ঘ ফুটবল ক্যারিয়ারেও কখনো অনুভব করেননি।
বার্সেলোনার কাছের ব্রিয়ান্স-২ কারাগারে প্রায় ১৪ মাস কাটিয়েছিলেন আলভেস। সম্প্রতি একজন ইভাঞ্জেলিক্যাল ধর্মপ্রচারক হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরছেন তিনি। এমনই এক ধর্মীয় আলোচনায় নিজের কারাজীবনের কথা বলতে গিয়ে জানান, সেখানে কাজ করে মাত্র ১১৩ ইউরো পেয়েছিলেন। কিন্তু সেই সামান্য অর্থ উপার্জন করেই কোটি কোটি ইউরো আয়ের সময়ের চেয়ে বেশি আনন্দ পেয়েছেন।
আলভেসের ভাষায়, সৃষ্টিকর্তার কৃপায় জীবনে বিপুল অর্থ উপার্জন করেছেন। কিন্তু কারাগারে কাজের বিনিময়ে পাওয়া ১১৩ ইউরো তাকে যে সুখ দিয়েছে, তা তার আগের জীবনের সম্পদের সঙ্গে তুলনীয় নয়। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, তার কাছে নিজের নানা প্রশ্ন তুলে ধরেন এবং নিজেকে একজন শিশুর মতো মনে করেন।
সম্প্রতি বিভিন্ন ধর্মীয় সমাবেশে অংশ নিয়ে কারাগারে কাটানো সময় এবং নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা প্রকাশ্যে বলছেন সাবেক এই ফুটবলার।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। পরের বছরের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনের আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। তবে বিচার চলাকালে প্রায় ১৪ মাস কারাগারে থাকার পর একই বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি।
পরবর্তী সময়ে ২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলের শুনানি শেষে আগের রায় বাতিল করে আলভেসকে খালাস দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আগের রায়ে অসংগতি ছিল এবং অভিযোগ প্রমাণের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণের ঘাটতি রয়েছে।
খেলোয়াড় হিসেবে আলভেসের অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ক্লাবে খেলেছেন তিনি। বার্সেলোনার দেওয়া তথ্য অনুযায়ী, ক্যারিয়ারে মোট ৪৬টি আনুষ্ঠানিক শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান রাইট-ব্যাক।
বার্সেলোনার হয়ে ৪০৯টি ম্যাচ খেলে করেছেন ২৩ গোল এবং জিতেছেন ২৩টি ট্রফি। এর মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি লা লিগা শিরোপা। এছাড়া জুভেন্টাসের হয়ে সিরি আ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগের শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার।
ব্রাজিল জাতীয় দলের হয়েও উজ্জ্বল ছিল আলভেসের ক্যারিয়ার। দেশের জার্সিতে ১২৬টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন দুটি কোপা আমেরিকা (২০০৭ ও ২০১৯) এবং দুটি কনফেডারেশনস কাপ (২০০৯ ও ২০১৩)।
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার, বিপুল অর্থ ও অসংখ্য শিরোপার পরও জীবনের সবচেয়ে বড় প্রশান্তি কারাগারের অভিজ্ঞতা ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে খুঁজে পাওয়ার দাবি করেছেন আলভেস। তার এই উপলব্ধিই এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

