বল টেম্পারিংয়ে অস্ট্রেলিয়ার পুরো দলই জড়িত ছিল, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার আলোচিত বল টেম্পারিংয়ের ঘটনায় শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নন, দলের অন্য সদস্যরাও বিষয়টি জানতেন বলে দাবি করেছেন ব্যানক্রফট।
তার ভাষ্য, স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তনের বিষয়টি পুরো দলেরই জানা ছিল। এমনকি বল রিভার্স সুইং করানোর কৌশল নিয়ে পেসারদের সঙ্গে নিয়মিত আলোচনা করতেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের এক সংবাদ সম্মেলনের পর মুখ খুলেছেন সাবেক এই ওপেনার। কামিন্সের বক্তব্যে ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি নিজেকে প্রতারিত ও একাকী মনে হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনের পর তার অনুভূতি ছিল, তিনি রাগান্বিত এবং বিশ্বাসভঙ্গের শিকার হয়েছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত প্রায় চার হাজার শব্দের একটি নিবন্ধে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন ব্যানক্রফট। তার নতুন এই বক্তব্যে আট বছর আগের বল টেম্পারিং বিতর্ক আবারও আলোচনায় এসেছে। এর আগে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পরও বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল।
ব্যানক্রফট জানিয়েছেন, বল টেম্পারিং নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রাথমিক তদন্তের সময় তিনি সব তথ্য প্রকাশ করেননি। স্যান্ডপেপার ব্যবহারের শুরু, কত দিন ধরে এই অনিয়ম চলেছিল এবং দলের অন্য সদস্যদের সংশ্লিষ্টতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিলেন তিনি।
নিজের নিবন্ধে ব্যানক্রফট লেখেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমার মধ্যে সীমাবদ্ধ ছিল না। পুরো দলই এ সম্পর্কে জানত।’
তিনি আরও স্বীকার করেন, তদন্তের সময় সম্পূর্ণ সত্য প্রকাশ না করে দলের অন্য সদস্যদের জড়িয়ে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কখন থেকে এই অনিয়ম শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং অন্যরা কতটা জানতেন—এসব বিষয় তিনি তখন প্রকাশ করেননি।
ব্যানক্রফটের বর্ণনা অনুযায়ী, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময় ড্রেসিংরুমে বল রিভার্স সুইং করানো নিয়ে আলোচনা হয়। সেখানে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রচলিত পদ্ধতিতে বলের এক পাশ ঘষে প্রত্যাশিত রিভার্স সুইং পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় বিকল্প হিসেবে স্যান্ডপেপার ব্যবহারের চিন্তা আসে।
ব্যানক্রফট জানান, দলের সবাই ম্যাচ জয়ের জন্য কার্যকর উপায় খুঁজছিলেন। তাকে স্যান্ডপেপার ব্যবহারের দায়িত্ব নিতে বলা হলে তিনি অস্বস্তিতে পড়েন। কাজটি যে অনৈতিক এবং ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী, সেটিও বুঝতে পেরেছিলেন তিনি।
ওই আলোচনায় অস্ট্রেলিয়ার তৎকালীন বোলিং কোচ ডেভিড সাকার ও প্রধান কোচ ড্যারেন লেম্যান উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন ব্যানক্রফট। তার ভাষ্য, দলের অন্য খেলোয়াড়েরাও সেখানে যাওয়া-আসা করছিলেন। একপর্যায়ে ডেভিড ওয়ার্নার বলের এক পাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন।
এরপর দ্বিতীয় দিনের শেষ সেশনে স্যান্ডপেপার নিয়ে মাঠে নামেন ব্যানক্রফট। তবে প্রথমবার এমন কাজ করায় বলের ওপর এর প্রভাব সম্পর্কে নিশ্চিত ছিলেন না তিনি। এ কারণে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে নিয়মিত কথা বলতেন। উইকেটকিপার টিম পেইনের কাছ থেকেও প্রতিক্রিয়া নিতেন।
ব্যানক্রফটের দাবি, বল প্রত্যাশিতভাবে রিভার্স সুইং করছে কি না, তা নিয়ে বোলারদের সঙ্গে তার নিয়মিত আলোচনা হতো। অনেক সময় তারা আরও বেশি রিভার্স সুইং পাওয়ার প্রয়োজনীয়তার কথা বলতেন। এমন প্রতিক্রিয়ার পর বলের ওপর আরও স্যান্ডপেপার ব্যবহার করতেন তিনি।
পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের আগের একটি বৈঠকের কথাও নিবন্ধে তুলে ধরেছেন ব্যানক্রফট। তার দাবি, আগের দিনের ঘটনায় ভূমিকা রাখার জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের কয়েকজনের কাছ থেকে প্রশংসা ও উৎসাহ পেয়েছিলেন তিনি। বিশেষ করে ডেভিড সাকারের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন।
তবে সবাই যে এই কর্মকাণ্ড সমর্থন করেছিলেন, তা নয়। অস্ট্রেলিয়া দলের তৎকালীন মিডিয়া ম্যানেজার কেট হাচিসন এর প্রতিবাদ জানিয়েছিলেন বলে দাবি করেছেন ব্যানক্রফট। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, কাজটি ভুল এবং এর সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চান না। এরপর তিনি আলোচনা থেকে সরে যান। ব্যানক্রফটের মতে, ওই ঘটনায় অন্তত একজন প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন, যা তার মনে গভীরভাবে দাগ কেটেছে।
শুধু পোর্ট এলিজাবেথ নয়, কেপটাউন টেস্টেও একই ধরনের বল টেম্পারিং চলেছিল বলে জানিয়েছেন ব্যানক্রফট। ওই ম্যাচের তৃতীয় দিনে টেলিভিশন ক্যামেরায় স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে দেখা যায় তাকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ব্যানক্রফটের অভিযোগ, কেপটাউন টেস্টে মাঠে নামার আগেও এক কোচ তাকে বলের ওপর আরও বেশি স্যান্ডপেপার ব্যবহার করতে বলেছিলেন। তার দাবি, সেই কোচ ছিলেন ডেভিড সাকার। ম্যাচ চলাকালেও কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ও মার্শের সঙ্গে বলের গতিবিধি নিয়ে তার আলোচনা অব্যাহত ছিল। বোলারদের কাছ থেকে প্রত্যাশিত রিভার্স সুইং না পাওয়ার কথাও শুনতে হয়েছিল তাকে।
পরবর্তী সময়ে দলের কয়েকজন সদস্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানার কথা অস্বীকার করায় নিজের স্মৃতির সঙ্গে তাদের বক্তব্য মেলাতে পারেননি বলে জানিয়েছেন ব্যানক্রফট। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন, বল রিভার্স সুইং করছে বলে জানা, বলের আকৃতি পরিবর্তনের বিষয়ে সন্দেহ থাকা এবং নির্দিষ্টভাবে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানা—তিনটি এক নয়।
উল্লেখ্য, ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় শাস্তির মুখে পড়েন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল।

