টেস্ট থেকে কোহলির অবসর নেওয়াকে ‘বড় ভুল’ বললেন কপিল দেব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
বিরাট কোহলি ও কপিল দেব। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তকে বড় ভুল বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তার বিশ্বাস, লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম ভুল সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। এমনকি এক দশক পর এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে পারে ভারতীয় তারকার।
‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেন, ‘আমার মতে, বিরাট কোহলি বড় একটি ভুল করেছে। তার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত হয়নি। ১০ বছর পর নিজের এই সিদ্ধান্তের জন্য তার আফসোস হতে পারে।’
একই সঙ্গে কোহলির শারীরিক সক্ষমতার প্রশংসা করে তিনি জানান, ফিটনেসের বিচারে এখনো অনেক ক্রিকেটারের চেয়ে এগিয়ে আছেন এই ব্যাটার। এমনকি ২৫ বছর বয়সি ক্রিকেটারের সঙ্গেও ফিটনেসের প্রতিযোগিতায় সমানতালে লড়তে পারবেন তিনি।
কপিলের মতে, শুধু শারীরিক সামর্থ্য থাকলেই হয় না, প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা থাকা জরুরি। দল থেকে বাদ পড়া কিংবা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার কারণে হুট করে অবসরের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথের উদাহরণ টানেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেন, ‘আবেগ বা রাগের বশে অবসর নেওয়া ঠিক নয়। খেলোয়াড়দের অমরনাথের কাছ থেকে শেখা উচিত। তাকে বহুবার দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই ফিরে এসে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।’
২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নেন এই তারকা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তিনি।
চলতি বছরে ১৪ ম্যাচে ১৩ ইনিংস ব্যাট করে ৬৩৮ রান করেছেন কোহলি। ৫৩.১৭ গড়ের পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি।
ওয়ানডেতে এখনো দাপটের সঙ্গে খেলে যাওয়া কোহলির টেস্ট ক্রিকেটে দেওয়ার মতো আরও অনেক কিছু বাকি ছিল বলে মনে করেন কপিল। তার মতে, এই ফরম্যাট থেকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন ভারতের সাবেক অধিনায়ক।

