ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের মধ্যে খেলার সময় নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাফিনিয়া। ব্রাজিলের জার্সিতে মাঠে নামার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এই ফরোয়ার্ড জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে জাতীয় দলের প্রতিটি ম্যাচেই খেলতে চান তিনি। একই সঙ্গে যতটা সম্ভব সময় মাঠে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন বার্সেলোনার এই তারকা।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে রাফিনিয়া বলেন, জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে তার কোনো অনীহা নেই। বরং শরীরের অবস্থা ভালো থাকলে প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি। আগের মন্তব্যের ভুল ব্যাখ্যা থেকেই মূলত এই বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে একই জায়গায় তিনবার চোট পেয়েছিলেন রাফিনিয়া। তার মূল চিন্তা ছিল, নতুন করে চোটে না পড়ে ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই যেন নিয়মিত খেলতে পারেন। কোন ম্যাচ খেলবেন আর কোনটি খেলবেন না, এমন কোনো সিদ্ধান্তের কথাও তিনি বলেননি বলে জানিয়েছেন।
রাফিনিয়ার ভাষায়, ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পাওয়া তার কাছে সব সময়ই সম্মানের। জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পর থেকেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ভবিষ্যতেও এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
এদিকে, জাতীয় দলের হয়ে প্রত্যাশা পূরণ করতে না পারলে সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা খেলোয়াড়দের থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রাফিনিয়ার মতে, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হওয়ায় সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশার চাপ খেলোয়াড়দের বহন করতে হয় এবং ফলাফল খারাপ হলে জবাবদিহিও করতে হয়।
তবে সমালোচনা যে খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করে, সেটিও স্বীকার করেছেন এই ফরোয়ার্ড। তার মতে, সর্বোচ্চ চেষ্টা করার পরও যখন তীব্র সমালোচনার মুখে পড়তে হয়, তখন মানসিকভাবে ভেঙে পড়া অস্বাভাবিক নয়। কারণ, ফুটবলাররাও অন্য সবার মতো মানুষ।
বিশ্বকাপে চোটের কারণে নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার হতাশাও প্রকাশ করেছেন রাফিনিয়া। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা থাকলেও পুরোপুরি ফিট না থাকায় তা সম্ভব হয়নি বলে জানান তিনি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর বার্সেলোনার হয়েও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। পরে হাইতির বিপক্ষে খেলতে গিয়ে পুরোনো চোটের জায়গায় আবার সমস্যা দেখা দেয়।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে তার আলোচনার বিষয়টিও পরিষ্কার করেছেন রাফিনিয়া। তার দাবি, কোচের সঙ্গে কথোপকথনটি ছিল স্বাভাবিক ও অনানুষ্ঠানিক। সেখানে কত মিনিট খেলবেন, সে বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। বরং পুরোপুরি ফিট থাকা এবং নিজের শারীরিক অবস্থার যত্ন নেওয়ার বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছিল।
শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচের আগে রাফিনিয়ার এই বক্তব্য জাতীয় দলের প্রতি তার প্রতিশ্রুতির বিষয়টি আবারও স্পষ্ট করল।

