‘২ দিন ঘরে তালা দিয়ে শুধু মদ খেতাম’ কেন বললেন ওয়েইন রুনি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবনের সোনালি সময়ে তিনি ভয়াবহ মানসিক সমস্যায় পড়ে গিয়েছিলেন। মঙ্গলবার প্রকাশিত ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট’ পডকাস্টের একটি পর্বে তিনি এ কথা বলেন।
ইংল্যান্ডের অন্যতম সফল এই ফুটবলার ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে মানসিক সমস্যা ও মদের নেশার সঙ্গে লড়েছেন বলে জানান। এতটাই যে, আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি! ৪১ বছর বয়সী রুনি বলেন, ‘২০-এর কোঠার মাঝামাঝি পর্যন্ত, একেবারে তলানিতে না ঠেকা পর্যন্ত (নিজের সঙ্গে স্বস্তি বোধ করতে শুরু করার আগে) অপেক্ষা করতে হয়েছে। আমি বাড়ি গিয়ে দুই দিন ঘরে নিজেকে আটকে রাখতাম, আর শুধু মদ খেতাম। সম্ভবত খেলোয়াড়ি জীবনের সবচেয়ে ভালো সময়টাতেই।’
তিনি আরও বলেন, ‘আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম, যেখানে আপনি আত্মহত্যার কথা ভাবতে শুরু করেন। কারও আশপাশে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষ দেখতে চাইতাম না। দোকানে যেতেও চাইতাম না।’
রুনি জানান, এই অবস্থা তার বিয়েকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছিল। তবে সেরে ওঠার পেছনে স্ত্রী কোলিনের ভূমিকা ছিল মূল। তবু তার মতে, মদের নেশা মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। তিনি বলেন, ‘ফুটবল মাঠে আমি সব সময় স্বচ্ছন্দ ছিলাম। কিন্তু বাকি সবকিছু সামলাতে আমি সত্যিই হিমশিম খেতাম।’
পরে থেরাপি নিলেও ফুটবলে মানসিক স্বাস্থ্য ও পুরুষত্ব নিয়ে প্রচলিত সংস্কৃতি তাকে আগে সাহায্য চাইতে দেয়নি বলে জানান রুনি। তিনি বলেন, ‘আপনি কোনো দুর্বলতা দেখাতে চাইবেন না, তাই লুকানোর চেষ্টা করতে হবে। নিজের অবস্থা বুঝতে পারলেও সেটা মেনে নেওয়া কঠিন ছিল। কারণ মনে হতো, এটা স্বীকার করলে পুরুষত্ব কমে যাবে।’
রুনি ২০২১ সালে খেলা ছেড়েছেন। এরপর কোচ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০২৪ সালে ছিলেন প্লাইমাউথ আর্গাইলের দায়িত্বে। কোচিংয়ের পাশাপাশি তিনি বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। এখন তাকে ব্রিটিশ রিয়ালিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি গেট মি আউট অব হিয়ার’-এ দেখা যাচ্ছে।
