Logo
Logo
×

Advertisement

খেলা

কঠিন চ্যালেঞ্জ নিয়ে ম্যানইউর নতুন কোচ পচেত্তিনো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

কঠিন চ্যালেঞ্জ নিয়ে ম্যানইউর নতুন কোচ পচেত্তিনো

ছবি: সংগৃহীত

Advertisement

মাইকেল ক্যারিকের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মরিসিও পচেত্তিনো। প্রিমিয়ার লিগে দলের চরম বিপর্যয়ের মধ্যে দায়িত্ব নিয়ে বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন আর্জেন্টাইন এই কোচ। ক্লাবের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন তিনি।

গত মৌসুমে রুবেন আমোরিমের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিক। তার অধীনে মাঝামাঝি অবস্থানে থাকা দলটি লিগের তৃতীয় স্থানে উঠে আসে। একই সঙ্গে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট। তবে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। মাত্র ১৫ ম্যাচের মধ্যেই চাকরি হারাতে হয় তাকে।

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলাতে ব্যর্থতা এবং প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে দলের অবস্থান—সব মিলিয়ে ক্যারিকের বিদায় নিশ্চিত হয়। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিরতির মধ্যে তাকে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ক্লাবের কঠিন সময় কাটানোর দায়িত্ব দেওয়া হয় পচেত্তিনোকে।

বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ২০২৯ সালের জুন পর্যন্ত পচেত্তিনোর সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে ৩৫ ম্যাচ খেলে ২১টিতে জয় পেয়েছে দলটি, হেরেছে ১২ ম্যাচে। পচেত্তিনোর কোচিংয়ে গত বছর কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে উঠেছিল যুক্তরাষ্ট্র। পাশাপাশি সর্বশেষ বিশ্বকাপে শেষ ষোলোতেও জায়গা করে নেয় তারা।

তবে নতুন দায়িত্বে পচেত্তিনোর সামনে চ্যালেঞ্জটা মোটেও সহজ নয়। একুশ শতকে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ১০টি লিগ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র একটিতে। এমন পরিস্থিতিতে দলকে ঘুরে দাঁড় করানোই হবে তার প্রধান লক্ষ্য।

নতুন কোচ হিসেবে পচেত্তিনোর প্রথম ম্যাচেই রয়েছে বড় পরীক্ষা। আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পর্তুগাল সফরে যাবে দলটি, যেখানে প্রতিপক্ষ স্পোর্তিং। ২৮ নভেম্বর ব্রেন্টফোর্ডের বিপক্ষে নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবেন পচেত্তিনো। এরপর নিউক্যাসল ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবে তার দল।

কোচ হিসেবে পচেত্তিনোর পথচলা শুরু হয়েছিল ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব এস্পানিওলে। পরে সাউদাম্পটনের দায়িত্ব নিয়ে ২০১৪ সালে ক্লাবটির ইতিহাসে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পয়েন্ট অর্জনে ভূমিকা রাখেন তিনি।

এরপর টটেনহাম হটস্পারের দায়িত্ব নিয়ে নিজের কোচিং ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছান পচেত্তিনো। তার অধীনে টানা চার মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে টটেনহাম। ২০১৯ সালে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছায় দলটি।

২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন এই আর্জেন্টাইন। সেখানে লিগ ওয়ানের শিরোপা জয়ের পাশাপাশি ফরাসি কাপ ও ট্রফি দে চ্যাম্পিয়নসও জেতেন তিনি। ২০২৩ সালে চেলসির দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালে প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন।

এবার ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পচেত্তিনো। তবে ঐতিহ্যবাহী ক্লাবটিকে অবনমন-শঙ্কা থেকে বের করে আবারও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে পারবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ম্যানইউর নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেস

ম্যানইউর নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেস

ক্যারিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন কোচের খোঁজে ইউনাইটেড

ক্যারিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন কোচের খোঁজে ইউনাইটেড

ছাঁটাই হতে পারেন ম্যান ইউনাইটেডের ১১ ফুটবলার!

ছাঁটাই হতে পারেন ম্যান ইউনাইটেডের ১১ ফুটবলার!

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

আরও পড়ুন

কঠিন চ্যালেঞ্জ নিয়ে ম্যানইউর নতুন কোচ পচেত্তিনো

কঠিন চ্যালেঞ্জ নিয়ে ম্যানইউর নতুন কোচ পচেত্তিনো

জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

ম্যানইউর নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেস

ম্যানইউর নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেস

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম