রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চমকে দেওয়ার মতো এক মন্তব্যই করে বসেছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। তার মতে, ম্যানচেস্টার ইউনাইটেড এখন লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার সমান মানের দল। অথচ মাইকেল ক্যারিকের অধীনে ইউনাইটেডের ফর্ম মোটেই ভালো নয়, প্রিমিয়ার লিগে দলটির জয় নেই ৭ ম্যাচ ধরে।
এরপরও এমেরির এই মন্তব্যের কারণ এই ইউনাইটেডই তার দল অ্যাস্টন ভিলার পরবর্তী প্রতিপক্ষ। আর এই দলের বিপক্ষে তার নিজের রেকর্ড খুবই খারাপ।
ভিলা এই ম্যাচে আসছে পাঁচ ম্যাচ অপরাজিত থেকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে বড় হারের ধাক্কা তাদের সঙ্গে আছে এখন।
ওদিকে ক্যারিকের দল লিগে খুবই খারাপ সময় পার করছে। এখন পর্যন্ত তারা জিতেছে মাত্র একটি ম্যাচ। এই ম্যাচ শুরুর আগে তারা আছে রেলিগেশন জোনে।
তবু ভিলার কোচ ইউনাইটেডকে হালকাভাবে নিচ্ছেন না। ওল্ড ট্র্যাফোর্ডে তিনি কখনোই জিততে পারেননি। পুরো কোচিং ক্যারিয়ারেই এটি তার জন্য কঠিন মাঠ।
সংবাদমাধ্যমের সামনে এমেরি এই ম্যাচকে বার্সেলোনার বিপক্ষে হারের সঙ্গে তুলনা করেছেন। তার কথায়, ইউনাইটেড যে অবস্থানেই থাকুক, তাদের মানের দলের মতোই প্রস্তুতি নিতে হবে।
এমেরি বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ীই খেলেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। কারণ আমরা যাদের মুখোমুখি হয়েছি, তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ মানের দল। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডও বার্সেলোনার সমান মানের। খেলোয়াড়দের নিয়ে আমরা এই কাজই করার চেষ্টা করছি। অবশ্যই কাজটা অনেক কঠিন।’
তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ একটি ক্লাব। তারা খুব ভালো খেলছে। গত বছর তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। লিগে তারা ধারাবাহিক থাকতে পারেনি। তবে তাদের ধারাবাহিকতা ফিরে পাওয়া উচিত। তাই ম্যাচটা অনেক অনেক কঠিন।’
এই মাঠে ভিলার রেকর্ড আরও খারাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ছয়বার ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে তারা হেরেছে। এই মানসিক বাধা এমেরি ভালোই বোঝেন। তিনি স্বীকার করেন, ‘এটা ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদের সামনে পরিষ্কার উদাহরণ আছে। চার বছর ধরে আমরা ওখানে কোনো ম্যাচ জিতিনি। তাই আমাদের জন্য এটা খুবই কঠিন।’
তিনি যোগ করেন, ‘ওল্ড ট্র্যাফোর্ড আমার জন্য, খেলোয়াড়দের জন্য এবং এখানে আমাদের একসঙ্গে পথচলার জন্য বিশাল চ্যালেঞ্জ। কারণ আমরা ওখানে জিততে পারছি না।’
এমেরি আরও বলেন, ‘ওখানে আমরা কিছু কঠিন হার দেখেছি। দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে ওঠার খুব কাছে ছিলাম। শেষ ম্যাচে আমরা হেরে যাই। আমরা সেটা হারিয়েছি। তাই ওখানে খেলা সব সময়ই অনেক কঠিন।’
শেষে তিনি বলেন, ‘আমাদের সেরাটা দিতে হবে। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে, দুইভাবেই। আমাদের অনেক কাজ বাকি। একই সঙ্গে আমাদের লড়াইও করতে হবে।’
