ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না। গোড়ালির চোটের কারণে তিনি সফর থেকে ছিটকে গেছেন। বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি গোড়ালি মচকে ফেলেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেটাই এবার তাকে ছিটকে দিয়েছে।
নির্বাচক প্যানেলের একজন সদস্য ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমি যতটুকু জানি, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। হাড়ে ফাটল থাকার সম্ভাবনাও আছে।’
সাদমানের চোটে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশকে। তার এই ছিটকে যাওয়ার ফলে এখন দ্বিতীয় ইনিংসেও একজন ব্যাটার কম নিয়েই খেলতে হবে।
সাদমানের পরিবর্তে কে আসছেন, সে খবরও পাওয়া গেছে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের ফর্মে থাকা ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে টেস্ট দলে নেওয়া প্রায় নিশ্চিত। রবিন এখন সিলেটেই টেস্ট দলের সঙ্গে আছেন। জাতীয় দলের কোচদের সঙ্গে তিনি নেটে কঠোর অনুশীলন করছেন।
বাংলাদেশ দল ১০ নভেম্বর ঢাকা ছাড়বে। দক্ষিণ আফ্রিকায় তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। প্রথম টেস্ট হবে ১৫ থেকে ১৯ নভেম্বর, ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে ২৩ থেকে ২৭ নভেম্বর, সুপারস্পোর্ট পার্কে।
