শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আর্লিং হালান্ডের দলবদল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগে ক্লাবটি বড় ধরনের শাস্তির মুখে পড়লে সিটি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। তার বাবা আলফ-ইঙ্গে হালান্ডের বক্তব্যেও পাওয়া গেছে এমন আভাস।
২০০৯ সাল থেকে আর্থিক বিধি লঙ্ঘনের ১১৫টি অভিযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। স্বাধীন কমিশনের তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পরও এখনো চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত আসেনি। সম্ভাব্য শাস্তি নিয়ে ফুটবল অঙ্গনে চলছে নানা আলোচনা। বড় অঙ্কের পয়েন্ট কর্তন কিংবা অবনমনের মতো সিদ্ধান্ত এলে সিটির একাধিক তারকা খেলোয়াড় ক্লাব ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
হালান্ডের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তার বাবা আলফ-ইঙ্গে অতীতের একটি উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, ‘জুভেন্টাসের বিরুদ্ধেও ম্যাচ পাতানোসহ বেশ কয়েকটি অভিযোগ ছিল। আমার মনে হয়, আমাদের আপিল প্রক্রিয়ার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। সিদ্ধান্ত দ্রুতও আসতে পারে। যদিও এখন সিটির প্রতিদ্বন্দ্বী সমর্থক, অন্য ক্লাব এবং বিশেষ করে সাংবাদিকদের অনেকেই কঠোর শাস্তি দেখতে চান।’
তিনি আরও বলেন, ‘আপিলের সিদ্ধান্ত কী আসে, তা আমাদের দেখতে হবে। সিটি মনে করে, নিজেদের নির্দোষ প্রমাণ করার মতো যথেষ্ট শক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো।’
আলফ-ইঙ্গের বক্তব্যে বোঝা যাচ্ছে, সিটির বিরুদ্ধে মামলার চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই আপাতত নজর রাখছেন তারা। ক্লাবটি নির্দোষ প্রমাণিত হলে পরিস্থিতি এক রকম হবে। তবে অবনমনের মতো কঠোর শাস্তি এলে হালান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।
ছেলের ক্যারিয়ার নিয়ে আলফ-ইঙ্গে অবশ্য আপাতত খুব বেশি চিন্তিত নন। তার ভাষায়, ‘আর্লিং যত বেশি সম্ভব ফুটবল খেলতে চায়। সে নিজের খেলায় মনোযোগ দিচ্ছে। আমার মনে হয়, মাঠের বাইরের আমরাই এসব বিষয় নিয়ে বেশি ভাবছি।’
এদিকে চলতি মৌসুমে গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন হালান্ড। প্রিমিয়ার লিগের প্রথম নয় ম্যাচে তার গোলসংখ্যা ৯। যদিও গত সপ্তাহান্তে নিজেদের মাঠে ব্রাইটনের কাছে ১-০ গোলে হারের ম্যাচে জালের দেখা পাননি তিনি।
হালান্ডকে দলে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে আর্সেনালের নাম। পাশাপাশি তাকে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদের নামও আলোচনায় রয়েছে। ২০২৬ সালের ব্যালন ডি’অর ভোটে অষ্টম স্থান অর্জন করেছিলেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।

