Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন মোড়, যে কারণ জানালেন বিশেষজ্ঞ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন মোড়, যে কারণ জানালেন বিশেষজ্ঞ

ফাইল ছবি

Advertisement

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় নতুন মোড় এসেছে। আদালতের নিযুক্ত এক ফরেনসিক বিশেষজ্ঞ বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে—এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ময়নাতদন্তের সময় করোনাভাইরাস পরীক্ষা না করাকে বড় ধরনের পদ্ধতিগত ভুল বলেও মন্তব্য করেছেন তিনি।

ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার টিগ্রেতে নিজ বাড়িতে ঘুমের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা সারাতে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

সান ইসিদ্রোর আদালতে চলমান মামলায় ইতোমধ্যে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার শেষ পর্যায়ে আদালতের শেষ সাক্ষী হিসেবে বক্তব্য দেন ফরেনসিক চিকিৎসক পাবলো ফেরারি। তার বক্তব্যে নতুন এই তত্ত্ব সামনে আসে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্তের সময় করোনাভাইরাস পরীক্ষা না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ফেরারি। আদালতে তিনি বলেন, আমরা এটা উড়িয়ে দিতে পারি না যে তিনি করোনায় মারা গেছেন।

করোনাভাইরাস কীভাবে অল্প সময়ের মধ্যে একজন রোগীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটাতে পারে, সে ব্যাখ্যাও দেন এই ফরেনসিক বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসক। তার ভাষ্য, ভাইরাসটি শ্বাসনালির মাধ্যমে শরীরে প্রবেশ করে কয়েক ঘণ্টার মধ্যেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটাতে এবং মৃত্যু ঘটাতে পারে।

এর আগে আদালতে দেওয়া অন্য বিশেষজ্ঞদের বক্তব্যে বলা হয়েছিল, মৃত্যুর আগে প্রায় ১২ ঘণ্টা ধরে যন্ত্রণায় ছিলেন ম্যারাডোনা। তবে সেই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ফেরারি। তিনি বলেন, ম্যারাডোনার মৃত্যুর আগে যন্ত্রণার সময়কাল কয়েক মিনিটের বেশি হওয়ার কথা নয়।

ফেরারির বক্তব্য ম্যারাডোনার প্রধান চিকিৎসক লিওপোলদো লুকের দেওয়া যুক্তিকেও শক্তিশালী করেছে। লুকের দাবি ছিল, ম্যারাডোনার ফুসফুসে হঠাৎ তরল জমে তীব্র শ্বাসকষ্ট তৈরি হয়েছিল। এর কয়েক মিনিটের মধ্যেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

লুকের পাশাপাশি আরও ছয় চিকিৎসকের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে মৃত্যুর ঝুঁকি তৈরি করে সাধারণ হত্যাকাণ্ড’-এর অভিযোগ রয়েছে। তারা হলেন মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসাচভ, ন্যান্সি ফরলিনি, কার্লোস দিয়াজ, মারিয়ানো পেরোনি, রিকার্দো আলমিরন ও পেদ্রো দি স্পাগনা।

আগামী ২৯ সেপ্টেম্বর মামলার কার্যক্রম আবার শুরু হওয়ার কথা। সেদিন আসামিরা বিচারকদের সামনে বিস্তারিত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এরপর ৬ অক্টোবর থেকে শুরু হবে চূড়ান্ত যুক্তিতর্ক। চলতি মাসের শেষ নাগাদ মামলার সব আনুষ্ঠানিকতা শেষ করে রায় দেওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: গোল ডট কম

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

আরও পড়ুন

টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী

টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না হাসানের, ফিরছেন দেশে

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না হাসানের, ফিরছেন দেশে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম