মেসির বিদায়ের পরও যে রেকর্ডগুলো ভাঙা খুব কঠিন
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবলে রেকর্ড তৈরি হয়, সময়ের সঙ্গে সেগুলো ভাঙাও হয়। তবে কিছু কীর্তি থাকে, যেগুলো পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য হয়ে ওঠে অত্যন্ত কঠিন লক্ষ্য। লিওনেল মেসির ক্যারিয়ারে এমন রেকর্ডের অভাব নেই।
আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে সেই অর্জনগুলোই আরও স্পষ্ট করে দিচ্ছে, কেন মেসি শুধু একজন তারকা নন, বরং একটি ফুটবল যুগের প্রতীক।
দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসি। বিশ্বকাপ, গোল, ম্যাচ কিংবা ব্যক্তিগত অর্জন—প্রায় সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন অসাধারণ সব নজির। ইএসপিএনসহ বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক তথ্য অনুযায়ী, তার কয়েকটি রেকর্ড ভবিষ্যতে ভাঙতে হলে কোনো খেলোয়াড়কে দীর্ঘ সময় ধরে অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রাখতে হবে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-
ছয় বিশ্বকাপে অংশগ্রহণ
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু হয় মেসির। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। সব মিলিয়ে ৩৪ ম্যাচে মাঠে ছিলেন ৩ হাজার ৫৫ মিনিট। ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গিলের্মো ওচোয়ার সঙ্গে ছয় বিশ্বকাপে খেলার কীর্তি ভাগ করলেও এত দীর্ঘ সময় বিশ্বকাপের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার নজির নিঃসন্দেহে বিরল।
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ
বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির একার। ছয়টি বিশ্বকাপ মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে ৩ হাজার ৫৫ মিনিট মাঠে থাকার রেকর্ডও তার দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের প্রমাণ। একটি দেশের হয়ে এতগুলো বিশ্বকাপে ধারাবাহিকভাবে খেলে যাওয়ার নজির ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
আর্জেন্টিনার জার্সিতে গোলের বিশাল ব্যবধান
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোলসংখ্যা ১২৫। দেশের সর্বকালের গোলদাতাদের তালিকায় তার ধারেকাছেও নেই অন্যরা। দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল ৫৪টি—অর্থাৎ মেসির গোল প্রায় দ্বিগুণেরও বেশি। জাতীয় দলের হয়ে ২১ বছর ধরে এমন ধারাবাহিকতা ধরে রাখার কারণে এই রেকর্ডও সহজে কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না।
এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল
২০১২ সালে মেসি এমন এক কীর্তি গড়েন, যা ফুটবল ইতিহাসেই বিশেষ জায়গা করে নিয়েছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওই এক বছরে তার গোলসংখ্যা ছিল ৯১। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত এই নজিরের মাধ্যমে তিনি গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। মেসির পর এখনো কেউ এক বছরে এত গোলের কাছাকাছি যেতে পারেননি।
বার্সেলোনায় গোল ও শিরোপার অনন্য রেকর্ড
বার্সেলোনার হয়ে মেসি খেলেছেন ৭৯৮টি অফিসিয়াল ম্যাচ। এসব ম্যাচে তার গোল ৬৭২টি, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। শুধু গোল নয়, ট্রফির সংখ্যাতেও তিনি অনন্য। বার্সার হয়ে জিতেছেন ৩৫টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ। একটি ক্লাবের হয়ে এত বেশি ম্যাচ, গোল ও শিরোপা—তিন ক্ষেত্রেই এমন আধিপত্য দেখানো আধুনিক ফুটবলে অত্যন্ত বিরল।
মেসির বিদায় তাই শুধু আর্জেন্টিনা অধ্যায়ের একটি সমাপ্তি নয়। তার রেখে যাওয়া সংখ্যাগুলোও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে থাকবে কঠিন সব মানদণ্ড। এসব রেকর্ডের অনেকগুলো ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে হয়ত ফুটবলবিশ্বকে অপেক্ষা করতে হবে আরও বহু বছর।

-6ac476755c633.jpg)
-6ac4606402968.jpg)
