৬৩ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড দেখল জার্মান ফুটবল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো শেষে ঘরোয়া ফুটবলে ফিরেই বড় এক রেকর্ড দেখে ফেলল জার্মান ফুটবল। বুন্ডেসলিগার ৬৩ বছরের ইতিহাসে যা হয়নি, সেটাই দেখা গেল গত রাতে।
লিগটির ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেলেছেন অগসবুর্গের রবিন ফেলহাউয়ার। শনিবার রাতে বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যারের বিপক্ষে তিনি গোলটা করেছেন ম্যাচের ৮ সেকেন্ডের মাথায়।
সাধারণত এমন সব গোলের ক্ষেত্রে দেখা যায়, কিক অফে বল পায়ে থাকে গোল করা দলেরই। কিন্তু গত রাতে কিক অফ করেছিল বায়ার্ন। হ্যারি কেইন বলটা কিক অফ থেকে সরাসরি গোলরক্ষক নয়্যারের পায়ে ঠেলে দেন।
জার্মানির এই কিংবদন্তি গোলরক্ষক বল ধরতে গিয়ে ভারী টাচ নেন। এরপর তিনি ছুটে আসা ফেলহাউয়ারের মাথার ওপর দিয়ে বল তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মিডফিল্ডার ফেলহাউয়ার আগেই তা বুঝে ফেলেন। তিনি বল কেড়ে নেন। এরপর দৌড়ে এগিয়ে গিয়ে বলটি জালে জড়িয়ে দেন। ম্যাচের বয়স তখন ৮ সেকেন্ডও হয়নি!
এর আগে দ্রুততম গোলের রেকর্ড ছিল নয় সেকেন্ডের। রেকর্ডটি ছিল দুজনের নামে। একজন কেভিন ভলান্ড। তিনি ২০১৫ সালে হফেনহাইমের হয়ে বায়ার্নের বিপক্ষেই গোলটি করেছিলেন। অন্যজন কারিম বেলারাবি। তিনি ২০১৪ সালে বায়ার লেভারকুজেনের হয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করেছিলেন।
এই রেকর্ড গোলের পর বায়ার্ন ৫৫ মিনিটে ইসমাইল সাইবারির গোলে সমতা ফেরায়। এরপর আবার ৬৪ মিনিটে গোল হজম করে। সে গোল তারা শোধ করে ৮০ মিনিটে গিয়ে। যার ফলে ড্র নিয়েই অগসবুর্গ থেকে ফিরতে হয়েছে বায়ার্নকে।
