Logo
Logo
×

Advertisement

খেলা

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

সংগৃহীত

Advertisement

দীর্ঘ চোট আর অসুস্থতাকে পেছনে ফেলে জার্মান তারকা জামাল মুসিয়ালা মাঠে ফিরেছেন শুক্রবার রাতে। কোলোনের বিপক্ষে এই ম্যাচের আগে পরে তার চুক্তি নিয়ে বায়ার্ন মিউনিখের কর্তারা একের পর এক কথা বলছেন। এতে চটেছে ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। তাদের মতে, জার্মান ক্লাবটির ‘আরও ভালো জানা উচিত’।

প্রি-সিজনে চার দিনের মধ্যে দুবার মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। পরে ২৩ বছর বয়সী এই জার্মান তারকা জানান, তার ‘সহজে চিকিৎসাযোগ্য অ্যাবসেন্স সিজার’ ধরা পড়েছে। স্নায়ুর ত্রুটি থেকে এটি হয়।

এ মাসের শুরুতে বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস মুসিয়ালাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, মুসিয়ালা হয়তো আর ‘আগের পারফরম্যান্সের মান ফিরে পাবেন না’।

এরপর মুখ খোলেন ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেজেন। ২০২৫ সালে মুসিয়ালা ২০৩০ সাল পর্যন্ত যে লাভজনক চুক্তি করেছেন, সেটি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। মুসিয়ালা সেরা ফর্মে না ফিরলে এ নিয়ে কথা বলতে হবে, এমন ইঙ্গিত দেন তিনি। ক্লাবের সাবেক প্রধান নির্বাহী কার্ল-হাইনৎস রুমেনিগে বলেন, চুক্তি নতুন করে ঠিক করতে হতে পারে।

এই মন্তব্যগুলো ভালোভাবে নেয়নি ফিফপ্রো। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বায়ার্নের সম্মানসূচক সভাপতি, প্রধান নির্বাহী ও সাবেক প্রধান নির্বাহী খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ্যে মুসিয়ালার চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।’

ফিফপ্রো এর পেছনে পরিকল্পনা দেখছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফপ্রোর বিবেচনায় এটি একটি সমন্বিত কৌশল। আলোচনায় বসার আগে মুসিয়ালা ও তার প্রতিনিধিদের ওপর চাপ তৈরি করাই এর উদ্দেশ্য। বায়ার্নের মতো বড় ক্লাবের আরও ভালো জানা উচিত।’

২০১৯ সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে আসেন মুসিয়ালা। শুক্রবার কোলনের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে ৭০ মিনিটের পর বদলি নামেন তিনি। ১৮ সেপ্টেম্বর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৭-০ গোলের জয়ে গোল করার পর এটাই তার প্রথম ম্যাচ ছিল। এ মৌসুমে তিনি পাঁচ ম্যাচ খেলেছেন। করেছেন দুই গোল, করিয়েছেন এক গোল।

ফিফপ্রো মনে করিয়ে দিয়েছে, খেলোয়াড়ের প্রতি ক্লাবের যত্ন নেওয়ার দায়িত্ব আছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মুসিয়ালার প্রতি বায়ার্নের যত্ন নেওয়ার দায়িত্ব আছে। পেশাদার ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের ওপর চাপ ফেলে। চোট থেকে ফেরার সময় এই চাপ আরও বেশি হয়।’

সংগঠনটি আরও বলেছে, ‘মুসিয়ালার স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে আলোচনা হলে চাপ আরও বাড়ে। চুক্তি নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা তার ও তার প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা উচিত।’

শেষে ফিফপ্রো স্পষ্ট করে বলেছে, ‘চুক্তি তো মেনে চলার জন্যই করা হয়। চোট বা খারাপ ফর্মের কারণে ক্লাব আগে ঠিক করা শর্ত নতুন করে খুলতে পারে না। আবার টানা দারুণ খেললেই খেলোয়াড় নিজে নিজে বেতন বাড়ানোর অধিকার পেয়ে যান না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

বায়ার্ন মিউনিখেই থাকছেন কেইন

বায়ার্ন মিউনিখেই থাকছেন কেইন

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বায়ার্ন কোচ

আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বায়ার্ন কোচ

আরও পড়ুন

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম