মালিঙ্গাকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চলমান টি-টোয়েন্টি সিরিজের মাঝেই টেস্ট স্কোয়াড প্রকাশ করেছে তারা। ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর প্রথমবারের মতো টেস্টে শ্রীলঙ্কার নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস।
ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার ইশান মালিঙ্গা ও উইকেটকিপার-ব্যাটসম্যান আনজালা বান্দারা। দুজনেরই এবার প্রথমবারের মতো টেস্ট দলে অভিষেকের সুযোগ তৈরি হয়েছে।
পাশাপাশি দীর্ঘ বিরতির পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। সর্বশেষ তিন বছর আগে এই সংস্করণে খেলেছিলেন তিনি।
ইংল্যান্ড সফরে চোট পাওয়া পাথুম নিসাঙ্কাকেও ১৫ সদস্যের দলে রাখা হয়েছে। গত মাসে সীমিত ওভারের সিরিজে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েছিলেন এই ব্যাটসম্যান। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। প্রথম টেস্ট শুরুর আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন নিসাঙ্কা।
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সি বান্দারা। শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ম্যাচে ৬৭.১৮ গড়ে তার সংগ্রহ ২ হাজার ২১৭ রান। ৫৫.৫৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ক্রিকেটারের রয়েছে সাতটি সেঞ্চুরি। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০০ রান।
অন্যদিকে, সাদা বলের ক্রিকেটে পরিচিত মুখ হলেও এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সি ইশান মালিঙ্গা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচ খেলে ৪৪টি উইকেট শিকার করেছেন এই পেসার। শ্রীলঙ্কার পেস আক্রমণে তার সঙ্গী হিসেবে থাকছেন লাহিরু কুমারা, মিলান রত্নায়েকে ও আসিথা ফার্নান্ডো।
আগামী ৯ নভেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজের ভেন্যু হিসেবে থাকছে রাওয়ালপিন্ডি ও লাহোর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে দুই দলই গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্যে মাঠে নামবে।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড
কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।

