নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসারদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। টাইগারদের বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করছিলেন তিনি। এবার নতুন দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে ফিরছেন সাবেক এই প্রোটিয়া তারকা।
আসন্ন এসএ টোয়েন্টি আসরে জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোনাল্ড। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার এলবি মরকেল। এর আগে এই পদে ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি কোচ স্টিফেন ফ্লেমিং। সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ায় জোবার্গ সুপার কিংস ছাড়তে হয়েছে তাকে।
ফ্লেমিংয়ের পাশাপাশি বোলিং কোচ এরিক সাইমনসও ইংল্যান্ডের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। ফলে তার জায়গায় ডোনাল্ডকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। আন্তর্জাতিক পর্যায়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করার সময় তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মতো বোলারদের উন্নয়নেও ভূমিকা রেখেছিলেন সাবেক এই গতি তারকা।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও বিভিন্ন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডোনাল্ডের। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার ও কেন্টের হয়ে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া জিম্বাবুয়ের মাউন্টেনিয়ার্স, ভারতের পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গেও যুক্ত ছিলেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সাবেক পেসার।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম। সেখানে নিজেদের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ২.৭ মিলিয়ন র্যান্ডে দলে ফিরিয়েছে জোবার্গ সুপার কিংস। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া অলরাউন্ডার জেসন রোলসকে দলে নিতে রেকর্ড ২.৯ মিলিয়ন র্যান্ড খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ১৭ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হওয়ার কথা এসএ টোয়েন্টির নতুন আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহের কারণ হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। লিগটির ইতিহাসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে। তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

